‘বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নেবে মিয়ানমার’

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার ইতিবাচক ফল হিসেবে দেশটি প্রথম ধাপে মালয়েশিয়ায় আশ্রয় নেওয়া ৫ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, বাংলাদেশে অবস্থানরত প্রায় ৩ লাখ রোহিঙ্গাকেও গ্রহণের বিষয়ে মিয়ানমার নীতিগত সম্মতি দিয়েছে। তবে এ প্রত্যাবাসন প্রক্রিয়া কবে শুরু হবে, সে বিষয়ে এখনো কোনো সময়সূচি জানানো হয়নি।
স্থানীয় সংবাদমাধ্যম ‘ফ্রি মালয়েশিয়া টুডে’র বরাতে আনাদোলু এজেন্সি জানায়, এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আনোয়ার ইব্রাহিম এই অগ্রগতিকে দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট সমাধানের পথে একটি গুরুত্বপূর্ণ সূচনা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, অনেকেই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর কথা বললেও এতদিন মিয়ানমার তাদের গ্রহণে অনিচ্ছুক ছিল। তাই এ বিষয়ে অগ্রগতি আনতে মিয়ানমারের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখা জরুরি ছিল।
রাখাইন রাজ্যে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আসা বহু রোহিঙ্গাকে দীর্ঘদিন ধরে আশ্রয় দিয়ে আসছে মালয়েশিয়া। সম্প্রতি কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার কার্যালয়ের বাইরে পেনাংয়ের একটি শিবির থেকে আসা শতাধিক রোহিঙ্গার সমাবেশের পর দেশটির কর্তৃপক্ষ তাদের কুয়ালালামপুর, সেলানগর ও পেনাংয়ের বিভিন্ন অস্থায়ী আবাসনে স্থানান্তর করে।
আনোয়ার ইব্রাহিম আরও বলেন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান নিশ্চিত করতে মিয়ানমারের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে। উল্লেখ্য, ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের পর থেকে লক্ষাধিক রোহিঙ্গা দেশ ছেড়ে পালিয়ে যায়। বর্তমানে বাংলাদেশে ১৩ লাখেরও বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়ে আছে। এছাড়া বিপজ্জনক সমুদ্রপথ পাড়ি দিয়ে অনেকে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াতেও পৌঁছেছে।



