বাংলাদেশ

‘তিনি কীভাবে খুলশীর ওসি হলেন?’ মেয়রের বক্তব্যের পর বদলি

বাংলা টিভি ডেস্ক:  চট্টগ্রামের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিমকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে বিশেষ শাখায় (সিটিএসবি) সংযুক্ত করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। তাঁর বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাত ও অতীত রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ তুলে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন ক্ষোভ প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই এই সিদ্ধান্ত আসে।

বুধবার বন্দরনগরীর ঈদগাঁও এলাকায় ডেঙ্গু সচেতনতামূলক এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ওসি আবদুর রহিমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন মেয়র শাহাদাত। তাঁর দাবি, আওয়ামী লীগ সরকারের সময় আবদুর রহিম বাকলিয়া থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। খুলশী থানায় দায়িত্ব নেওয়ার পর তিনি আওয়ামী লীগ বা যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের টার্গেট করছেন বলেও অভিযোগ করেন মেয়র।

মেয়র বলেন, ‘আওয়ামী আমলের ওসি কীভাবে এখন খুলশী থানার ওসি হন?’ তাঁর অভিযোগ, আবদুর রহিম উদ্দেশ্যপ্রণোদিতভাবে খুলশীতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছেন।

এ ছাড়া কিশোর হৃদয় হত্যা মামলাকে কেন্দ্র করে পুলিশি তদন্তে প্রভাব বিস্তারের অভিযোগও করেন চসিক মেয়র। তাঁর দাবি, ওই মামলার এক আসামিকে নির্যাতনের মাধ্যমে বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা ওয়াকিল হোসেন ওরফে বগার নাম জবানবন্দিতে অন্তর্ভুক্ত করানো হয়েছে। আসন্ন সিটি নির্বাচনকে সামনে রেখে একটি পক্ষ তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং ওসি আবদুর রহিম সেই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত—এমন অভিযোগও করেন তিনি।

এর আগে মঙ্গলবার রাতে মতিঝর্ণা এলাকায় চসিক ভবনের কাছে পুলিশের একটি দল অবস্থান করাকে কেন্দ্র করে ওয়াকিল হোসেন বগাকে নিয়ে নানা আলোচনা শুরু হয়। একাধিক মামলার আসামি ওয়াকিল মেয়রের কার্যালয়ে আশ্রয় নিয়ে সেখান থেকে পালিয়েছেন—এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে।

তবে এ অভিযোগ সরাসরি অস্বীকার করেন মেয়র শাহাদাত। তিনি বলেন, কোনো সাংবাদিক যদি প্রমাণ করতে পারেন যে ওয়াকিল তাঁর সঙ্গে চলে গেছেন, তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। অন্যদিকে অভিযোগ প্রমাণিত না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করার কথাও জানান তিনি। ওয়াকিলকে আওয়ামী লীগবিরোধী আন্দোলনের ‘জুলাইযোদ্ধা’ হিসেবে উল্লেখ করে মেয়র দাবি করেন, আওয়ামী লীগ আমলে রাজনৈতিক কারণে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছিল।

তবে পুলিশের নথিতে ওয়াকিল হোসেন ওরফে বগার বিরুদ্ধে ভিন্ন তথ্য রয়েছে। পুলিশ বলছে, সরকারি জমি দখল, চাঁদাবাজি, মাদক, বিস্ফোরক এবং পুলিশের ওপর হামলাসহ তাঁর বিরুদ্ধে অন্তত ১৭টি মামলা রয়েছে। চলতি বছরের জুনে জমি দখলকে কেন্দ্র করে প্রকাশ্যে গোলাগুলির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁকে দল থেকেও বহিষ্কার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ৪ সেপ্টেম্বর ওয়্যারলেস এলাকায় ওয়াকিলকে গ্রেপ্তারের চেষ্টা করা হলে পুলিশের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটে। এতে ওসিসহ সাত পুলিশ সদস্য আহত হন। পরে ১৩ সেপ্টেম্বর ওয়াকিলের পরিবারের পক্ষ থেকে ওসিসহ আটজনের বিরুদ্ধে নির্যাতন ও ভাঙচুরের অভিযোগে পাল্টা মামলা করা হয়। মামলাটি বর্তমানে সিআইডি তদন্ত করছে।

এদিকে মেয়রের বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই ওসি আবদুর রহিমকে প্রত্যাহারের আদেশ জারি করে সিএমপি। তবে এই সিদ্ধান্তের সঙ্গে মেয়রের বক্তব্যের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী। তাঁর দাবি, এটি পুলিশের নিয়মিত বদলি ও দায়িত্ব পুনর্বিন্যাসের অংশ এবং মেয়রের বক্তব্য সম্পর্কে তিনি অবগত নন।

এ বিষয়ে সদ্য সাবেক ওসি আবদুর রহিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

সংশ্লিষ্ট খবর

Back to top button