
বাংলা টিভি ডেস্ক: প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের পাল্টাপাল্টি বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তাপ ছড়িয়েছে। সারজিসকে নিয়ে রাশেদের কটাক্ষপূর্ণ ফেসবুক পোস্টের জবাবে মন্তব্যের ঘরে তিনি লিখেছেন, ‘যত যাই বলেন না কেন ভাই, যতই ফুটেজ খাওয়ার চেষ্টা করেন; মানুষ আপনাকে দুই টাকারও দাম দেয় না।’
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পেজে সারজিস আলমকে নিয়ে পোস্ট দেন রাশেদ খাঁন। সেখানে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে সারজিসের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি ব্যক্তিগত আক্রমণাত্মক ভাষায় সমালোচনা করেন তিনি।
পোস্টে রাশেদ খাঁন লেখেন, ছাত্রলীগের একটি কর্মী পদ পাওয়ার জন্য সারজিস আলম তৎকালীন ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন ও ইনানকে তোষামোদ করতেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে সারজিসের অতীতের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তোলেন, অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার পরও এখন কেন সারজিস তাদের সমালোচনা করছেন।
জুলাই গণঅভ্যুত্থানে সারজিসের ভূমিকা নিয়েও কটাক্ষ করেন রাশেদ। তিনি দাবি করেন, আন্দোলনের সময় সারজিসের ব্যক্তিগত উপস্থিতি ও আচরণ নিয়ে প্রশ্ন রয়েছে। একই সঙ্গে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন নিয়ে রাশেদদের ভূমিকার সমালোচনা করায় সারজিসের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি।
রাশেদ খাঁন আরও লেখেন, ২০১৮ সালের পর আওয়ামী লীগবিরোধী আন্দোলনে অংশ নিতে গিয়ে তারা বিভিন্ন সময় ক্যাম্পাসে হামলার শিকার হয়েছেন। সে সময় সারজিস আওয়ামী লীগের প্রতি অনুগত ছিলেন বলেও অভিযোগ করেন তিনি।
জুলাই গণঅভ্যুত্থানের সময়কার ঘটনা উল্লেখ করে রাশেদ অভিযোগ করেন, সারজিস শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন। এ ছাড়া নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে তুলে নেওয়া বা গোয়েন্দা হেফাজতে নেওয়ার পর কারফিউ চলাকালে সারজিস ও হাসনাত আবদুল্লাহ গোয়েন্দা সংস্থার গাড়িতে ঘুরে বেড়িয়েছেন বলেও দাবি করেন তিনি।ইসলামি বই খুঁজুন
রাশেদ খাঁনের এসব বক্তব্যের জবাবে সারজিস আলম মন্তব্যের ঘরে লেখেন, ‘যত যাই বলেন না কেন ভাই, যতই ফুটেজ খাওয়ার চেষ্টা করেন; মানুষ আপনাকে দুই টাকারও দাম দেয় না।’
দুই তরুণ নেতার এই পাল্টাপাল্টি বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক আলোচনা তৈরি হয়েছে।



