রংপুরে আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ ২ পুলিশ সদস্য আটক

বাংলা টিভি ডেস্ক: রংপুর নগরীর একটি আবাসিক হোটেল থেকে ১৯ পিস ইয়াবা ও সেবনের সরঞ্জামসহ দুই পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। পরবর্তীতে পুলিশি সোপর্দ শেষে আদালতে তোলা হলে বিচারক তাঁদের জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে গ্রেপ্তারকৃত দুই পুলিশ সদস্যকে রংপুর মেট্রোপলিটন আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তাঁদের কারাগারে পাঠানোর এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার চ্যাটার্জি।
গ্রেপ্তারকৃত পুলিশ সদস্যরা হলেন—সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার কোনাবাড়ি গ্রামের বাসিন্দা ওমর আলী এবং দিনাজপুর জেলার বিরল উপজেলার মোহনপুর গ্রামের বাসিন্দা মিথুল ইসলাম।
মামলা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে রংপুর নগরীর পায়রা চত্বর এলাকায় অবস্থিত ‘স্কাই ভিউ’ নামের একটি আবাসিক হোটেলে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানের সময় হোটেলের একটি কক্ষ থেকে তল্লাশি চালিয়ে খাটের নিচে থাকা সিগারেটের প্যাকেটে লুকানো ১৯ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা সেবনের পাইপ, ৪টি গ্যাস লাইট ও ২টি ফয়েল পেপার উদ্ধার করা হয়। উক্ত কক্ষ থেকেই অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে আটক করে পরে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়।
ঘটনার পরপরই আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর কার্যালয়ের পরিদর্শক তাহামুদার রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, আসামিদের মধ্যে ওমর আলী ইতিপূর্বেও চাকরিজীবস্থায় মাদকসহ গ্রেপ্তার হয়ে বর্তমানে চাকরি থেকে বরখাস্ত রয়েছেন। অন্যদিকে অপর আসামি মিথুল ইসলাম রংপুর পুলিশ লাইন্সে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। আদালতের নির্দেশে তাঁদের দুজনকেই বর্তমানে কারাগারে পাঠানো হয়েছে।



