
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা মহানগরীর ৪ নম্বর ওয়ার্ড কাপ্তান বাজার এলাকার যুবদল নেতা আবু কাউসারকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার মধ্যরাতে কুমিল্লা নগরীর ১৮ নম্বর ওয়ার্ড নুরপুর একটি বাড়ি থেকে আবু কাউসার হত্যার মূল অভিযুক্ত তৌহিদকে ডিবি পুলিশ আটক করে।
শনিবার (১৭অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান। তিনি জানান, ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে নুরপুর থেকে তাকে আটক করা হয়।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি তৌহিদুল আনোয়ার বলেন, এ ঘটনায় এখনও মামলা করা হয়নি। নিহত কাউসারের লাশ শনিবার দুপুরে জানাজা দেওয়ার পর দাফন করে ভিকটিমের পরিবার মামলা করবে। নিহত আবু কাউসারের পরিবার শোকাহত। তাই তারা গতকাল মামলা করেনি।
উল্লেখ্য, শুক্রবার (১৬ অক্টোবর) গোমতী নদীর উত্তর পাড়ের ছত্রখিল এলাকায় আবু কাউসারকে নৃশংস কুপিয়ে হত্যা করা হয়। নিহত কাউছার স্থানীয় নেতা কবিরের ছোট ভাই। শুক্রবার নিহত আবু কাউসারের লাশ দেখতে যান কৃষি, খাদ্য ও প্রাণীসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু এবং কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. মনিরুল হক সাক্কু।



