রাজনীতিঅন্যান্য

সাদপন্থীরা ইজতেমা ময়দানে ইজতেমা করতে পারবে না: হেফাজত আমির

টঙ্গী প্রতিনিধি: ২০২৭ সালে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে দিল্লির মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের ইজতেমা করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মহিব্বুল্লাহ বাবুনগরী। একই সঙ্গে ২০২৫ সালের পর সাদপন্থীদের ইজতেমা ময়দান ব্যবহারের অনুমতির বিষয়ে সরকারের পূর্ববর্তী সিদ্ধান্ত বহাল রাখা এবং ২০১৮ ও ২০২৪ সালে টঙ্গীতে সংঘটিত ঘটনায় দায়ের করা হত্যা মামলাগুলোর তদন্ত শেষে অভিযোগপত্র দাখিলের দাবি জানিয়েছেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে গাজীপুর মহানগরীর টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ইজতেমা ময়দান ব্যবহারের বিষয়ে সরকারের কাছে উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নে কোনো ধরনের চাপ সৃষ্টি কিংবা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে ঢাকায় কেন্দ্রীয় সিদ্ধান্তের পর নিজ নিজ জেলায় কঠোর কর্মসূচি পালন করা হবে।

এ সময় বক্তারা বলেন, টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান ব্যবহারের বিষয়ে সরকারের পূর্ববর্তী সিদ্ধান্ত বহাল রাখা প্রয়োজন। পাশাপাশি ২০১৮ ও ২০২৪ সালে ইজতেমা ময়দানকেন্দ্রিক সংঘটিত ঘটনায় দায়ের করা হত্যা মামলাগুলোর তদন্ত দ্রুত শেষ করে অভিযোগপত্র দাখিলের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তাঁরা।

এর আগে দেশের শীর্ষ মুরুব্বিদের নিয়ে অনুষ্ঠিত এক পরামর্শ সভায় এসব দাবি উত্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভায় দেশের ৬৪ জেলার নেতৃস্থানীয় মুরুব্বিরা অংশ নেন। সংবাদ সম্মেলনে বক্তারা তাঁদের দাবির বিষয়ে সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ কামনা করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button