রাজনীতিঅন্যান্য

কাবিননামা প্রকাশের পরও ফারজানাকে স্ত্রী মানতে নারাজ সাবেক এমপি রনি

বাংলা টিভি ডেস্ক: ফারজানা আফরোজের সঙ্গে বিয়ের কাবিননামা প্রকাশের পরও তাকে নিজের স্ত্রী হিসেবে অস্বীকার করছেন সাবেক সংসদ সদস্য ও টক-শো ব্যক্তিত্ব গোলাম মাওলা রনি। ফারজানার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বলে দাবি তার। একই সঙ্গে গত বছরের একটি রেকর্ড ফাঁসের ঘটনাকে ‘ইলিয়াসের ষড়যন্ত্র’ বলে মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে গণমাধ্যমকে দেওয়া কাবিননামার কপিতে দেখা যায়, ২০২২ সালের ১৩ মে তাদের বিয়ে হয়।

কাবিননামা প্রকাশের পর ফারজানা বলেন, ‘যেটা সত্য, এটার জন্য এতকিছু দেখাতে হয় না। উনি (রনি) অস্বীকার করলে কি আসে যায়। উনি চট্টগ্রামে গিয়ে কাবিন করে সবার সামনে বিয়ে করেছেন। আমার শাশুড়ি ৬-৭ মাস আমার সঙ্গে ছিলেন। এখন এসে যদি এ কথাগুলো বলে, এগুলো সত্যতা প্রমাণের কোনো দরকার নেই।’

‘আমার স্বামী খুব ভালো মানুষ’ মন্তব্য করে ফারজানা বলেন, আমি তো ওকে খুব কাছ থেকে দেখেছি। উনি পারিবারিকসহ বিভিন্ন চাপে আছেন। যার কারণে এ ধরনের কথাগুলো বলতে বাধ্য হয়েছেন।’

ফারজানা আফরোজের এসব দাবির জবাবে গণমাধ্যমকে রনি বলেন, ‘ওই নারীর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।’

গত বছরের একটি রেকর্ড ফাঁসের তিনি বলেন, ‘আসলে এসব ইলিয়াস ষড়যন্ত্র করে ছড়িয়েছে। সে আমাকে ছোট করার জন্য এসব করেছে।’

এর আগে ফারজানা আফরোজ নিজের স্ত্রী নন বলে দাবি করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন গোলাম মাওলা রনি। সেখানে ওই নারীর ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘এ মহিলা আমার স্ত্রী নন। সাতকানিয়া জামায়াত নেতা হারুনের সাবেক স্ত্রী। চট্টগ্রামের বিতর্কিত আওয়ামী লীগ নেতা ঘি বাবুলের ঘনিষ্ঠ বান্ধবী এবং আমেরিকা প্রবাসী ইলিয়াসের আপনজন।’

সংশ্লিষ্ট খবর

Back to top button