রাজনীতি

নগর পুড়িলে দেবালায় এড়ায় না: নাহিদ

বাংলা টিভি ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারী ও এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করছে পতিত ফ্যাসিস্ট শক্তি। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, আজ তিনি আক্রান্ত হলে আগামীকাল অন্য কেউ, এরপর পর্যায়ক্রমে আরও অনেকে হামলার শিকার হতে পারেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা উল্লেখ করেন নাহিদ ইসলাম।

পোস্টে তিনি বলেন, জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের ওপর হামলার ঘটনা বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। তার ভাষায়, ‘নগর পুড়িলে দেবালায় এড়ায় না।’ অর্থাৎ আজ একজন আক্রান্ত হলে আগামী দিনে অন্যরাও একই পরিস্থিতির মুখোমুখি হতে পারেন।

এ সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগকে দেশীয় কোনো শক্তি নয় বলে উল্লেখ করে তিনি অভিযোগ করেন, দিল্লির আশ্রয়-প্রশ্রয় ও ইন্ধনে জুলাইবিরোধী শক্তি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। দেশের অভ্যন্তরে নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে সংশ্লিষ্টরা সীমান্ত পেরিয়ে অন্য পাশে আশ্রয় নিচ্ছে বলেও দাবি করেন তিনি।

সরকার ও প্রশাসনের কাছ থেকে জনগণের নিরাপত্তা নিশ্চিত হওয়ার বিষয়ে আস্থা হারানোর কথাও পোস্টে উল্লেখ করেন এনসিপি আহ্বায়ক। একই সঙ্গে বাংলাদেশবিরোধী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে এবং গণতান্ত্রিক পন্থায় প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button