বাংলাদেশ

‘পেট্রোল বোমায়’ পুড়ল বাড়ি, মরল এমপি নুসরাতের আদরের ‘তারা’

বাংলা টিভি ডেস্ক: দাদার হাতে গড়া পারিবারিক বাড়ি। যে বাড়ির আঙিনায় কেটেছে শৈশব, জড়িয়ে রয়েছে বেড়ে ওঠার অসংখ্য স্মৃতি। সেই প্রিয় বাড়িটিই আগুনে পুড়ে এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঘরের আসবাবপত্রের পাশাপাশি হারিয়ে গেছে বহু স্মৃতিচিহ্ন। এ ঘটনায় পরিবারের প্রিয় ছাগলের বাচ্চা ‘তারা’ও আগুনে পুড়ে মারা গেছে। তবে এমন হামলা ও অগ্নিসংযোগের পরও দমে না যাওয়ার প্রত্যয় জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডাংমড়কা এলাকায় নুসরাত তাবাসসুমের পারিবারিক বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। গত ১১ নভেম্বর রাতে এ ঘটনা ঘটে। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি প্রকাশ করেন তিনি।

পোস্টে নিজের শৈশবের স্মৃতিবিজড়িত বাড়িটির ক্ষয়ক্ষতির কথা তুলে ধরেন নুসরাত তাবাসসুম। আবেগঘন ওই পোস্টে তিনি লেখেন, বাড়িটি তার দাদার হাতে তৈরি। এখানেই কেটেছে তাদের বেড়ে ওঠার সময়। আগুনে পুড়ে মারা যাওয়া ছাগলের বাচ্চাটির নাম ছিল ‘তারা’।

বাড়ির এমন ক্ষয়ক্ষতি ও প্রিয় প্রাণীটির মৃত্যুর পরও নিজের অবস্থানে অটল থাকার বার্তা দিয়েছেন তিনি। তার বক্তব্য, আগুন দিয়ে বাড়িঘর পুড়িয়ে দেওয়া সম্ভব হলেও তার মনোবল ও কাজের অঙ্গীকার দমিয়ে রাখা যাবে না।

সংশ্লিষ্ট খবর

Back to top button