ঢাকা কলেজে ছাত্রদল কর্মী, গোপালগঞ্জে অস্ত্র দেখিয়ে ‘জয় বাংলা’ স্লোগান

বাংলা টিভি ডেস্ক: গোপালগঞ্জে বাস আটকে দেশীয় অস্ত্র প্রদর্শন এবং যাত্রীদের জোরপূর্বক ‘জয় বাংলা’ স্লোগান দিতে বাধ্য করার অভিযোগ উঠেছে। এতে নেতৃত্ব দিয়েছেন ঢাকা কলেজ শাখা ছাত্রদলের এক কর্মী। তার নাম সাবিদ হাসান। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী।
‘গোপালগঞ্জ আওয়ামী’ নামের ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে সাবিদকে গত ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে বাসযাত্রীদের ওপর আক্রমণাত্মক অবস্থায় দেখা গেছে। ভাইরাল ভিডিওটি রোববার (২২ নভেম্বর) পর্যন্ত সাত লাখ মানুষ দেখেছেন।
‘গোপালগঞ্জ চন্দ্রদিঘলীয় বাস চেক’ ক্যাপশন থাকা ভিডিওটিতে দেখা যায়, সাবিদের নেতৃত্বে চন্দ্রদিঘলীতে একদল যুবক খুলনাগামী একটি বাস আটকে যাত্রীদের দেশীয় অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন। এসময় যাত্রীদের জোরপূর্বক ‘জয় বাংলা’ স্লোগান দিতে বাধ্য করা হয়। একপর্যায়ে ছুরি দেখিয়ে এক যাত্রীর মোবাইল ফোন কেড়ে নিয়ে সেটি তল্লাশি করা হয়। তখন যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।
ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের সূত্রে জানা গেছে, সাবিদের বাড়ি গোপালগঞ্জে। কলেজে ভর্তি হওয়ার পর থেকেই তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত হন। কলেজ ছাত্রদলের সদস্যসচিব মিল্লাদ হোসেনের একনিষ্ঠ কর্মী হিসেবে ক্যাম্পাসে পরিচিতি লাভ করেন। তবে পরে মিল্লাদ তাকে নিজের অনুসারীদের বলয় থেকে সরিয়ে দেন।
এরপরও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে ক্যাম্পাসে প্রভাব বিস্তারের চেষ্টা করেছেন সাবিদ। তার সঙ্গে ঢাকা কলেজ দক্ষিণ ছাত্রাবাসে থাকেন এমন একজন ছাত্রদলের আহ্বায়ক সদস্যের নিউমার্কেট এলাকায় ফুটপাতে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে বলেও জানা গেছে। এছাড়া একটি অনলাইন মিডিয়ার সাংবাদিক পরিচয় ব্যবহার নিয়েও প্রশ্ন উঠেছে তার বিরুদ্ধে।
সাবিদের পারিবারিক রাজনৈতিক পরিচয় নিয়েও আলোচনা রয়েছে। তার বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হল ছাত্রলীগের বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। তার পরিবারের অন্য সদস্যদের আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা রয়েছে বলে স্থানীয়ভাবে পরিচিতি আছে।
সাবিদের ভিডিও ভাইরাল হওয়ার পর ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল আমিন ফেসবুকে এক পোস্টে বলেন, ‘একদিকে ছাত্রলীগ নেতাকে কেক খাওয়াচ্ছেন ঢাকা কলেজ ছাত্রদলের সদস্যসচিব, অন্যদিকে ওই ছেলেই আবার গোপালগঞ্জে বাস থামিয়ে সাধারণ জনগণকে দিয়ে জোর করে জয় বাংলা স্লোগান দেওয়াচ্ছে। আমাদের আরও সচেতন হওয়া উচিত। বিশেষ করে যারা দায়িত্বশীল অবস্থানে আছেন।’
কলেজ ছাত্রদলের মাসুদ রানা নামের এক কর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সুপার কোরামের লোক হলে ছাত্রলীগ করে ছাত্রদলে পদ পাওয়াও সম্ভব। ছাত্রদলের রাজনীতিতে দীর্ঘদিনের শ্রম, ত্যাগ, আন্দোলন-সংগ্রাম এসবের চেয়ে কোরাম রাজনীতিই যেন বেশি গুরুত্ব পাচ্ছে।’
এ বিষয়ে ঢাকা কলেজ ছাত্রদলের সদস্যসচিব মিল্লাদ হোসেন বলেন, ‘সাবিদ হাসান প্রথম বর্ষে ভর্তি হওয়ার পর আমাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করতেন। তাকে ক্যাম্পাসের ছোট ভাই হিসেবে বিবেচনা করা, যেহেতু সে প্রথম বর্ষের শিক্ষার্থী। তবে ছাত্রদলের কোনো কমিটিতে তার পদ ছিল না এবং সাংগঠনিক কার্যক্রম বা কর্মসূচিতে তার সক্রিয় অংশগ্রহণও ছিল না। সাবিদের বাড়ি গোপালগঞ্জ এবং তার পরিবারের সঙ্গে আওয়ামী লীগের সম্পৃক্ততার বিষয়টি আমরা জানতাম না। জানতে আমাদের কিছুটা সময় লেগেছে। তবে গত ছয়-সাত মাস ধরে তার সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই।’
মিল্লাদ জানান, সাবিদকে কোথাও পাওয়া গেলে তাকে অবশ্যই পুলিশের হাতে তুলে দেওয়া হবে। এ ধরনের কাউকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই।
ভবিষ্যতে কর্মী বাছাইয়ের ক্ষেত্রে আরও সতর্ক থাকার কথা জানিয়ে তিনি বলেন, ‘নতুন শিক্ষার্থীদের সঙ্গে মেলামেশা ও সংগঠনে সম্পৃক্ত করার আগে তাদের পরিচয় ও পারিবারিক রাজনৈতিক সম্পৃক্ততা যাচাইয়ে আরও সতর্ক হবে ছাত্রদল। কেউ গুপ্তভাবে সংগঠনে প্রবেশের চেষ্টা করছে কি না, সে বিষয়েও সচেতন থাকবো। ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত কারও বিষয়ে তথ্য পাওয়া গেলে তাকে সংগঠন থেকে বয়কট ও আইনের হাতে সোপর্দ করা হবে।’
এ ব্যাপারে জানতে সাবিদের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি। সূত্র: জাগো নিউজ।



