গ্রাম বাংলাদেশবাংলা

বালু কাটার অভিযোগ নাকচ করে আবু জাফর চৌধুরীর সংবাদ সম্মেলন

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে সরকারি বালু ও মাটি কাটার অভিযোগে প্রকাশিত সংবাদকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে প্রতিবাদ জানিয়েছেন শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী।

রোববার (২২ নভেম্বর) দুপুরে নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে আবু জাফর চৌধুরী দাবি করেন, গত ১৪ নভেম্বর কয়েকটি গণমাধ্যমে ‘সরকারি বালু ও মাটি কেটে নিয়ে যাচ্ছেন দুই বিএনপি নেতা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে তাঁকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি, যা তাঁর সামাজিক ও রাজনৈতিক সম্মান ক্ষুণ্ন করেছে।

নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, শিবচরের উতরাইল নবাবাজার সেতুর উত্তর ও দক্ষিণ প্রান্তে বালুর দুটি বেড রয়েছে। এর মধ্যে সেতুর উত্তর প্রান্তের বালুর বেডটি সরকারি নিয়ম অনুযায়ী ইজারা নেওয়া হয়েছে। নির্ধারিত অর্থসহ প্রয়োজনীয় সরকারি পাওনা পরিশোধ করেই তিনি ওই বালু বিক্রির কার্যক্রম পরিচালনা করছেন বলে জানান।

সেতুর কাছাকাছি বালু উত্তোলনের বিষয়ে আবু জাফর চৌধুরী বলেন, সম্প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেতুর ৩০০ ফুটের মধ্যে বালু উত্তোলন নিষিদ্ধ সংক্রান্ত একটি সাইনবোর্ড স্থাপন করেছে। তবে ইজারার বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কোনো উল্লেখ ছিল না। তিনি দাবি করেন, নিষিদ্ধ এলাকা থেকে বালু উত্তোলন বা নদী থেকে বালু কাটার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। এ ছাড়া সেতুর দক্ষিণ প্রান্তের বালুর বেডটিও তাঁর ইজারার আওতায় নয় বলে উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সরকারি বিধিবিধান মেনেই বৈধভাবে ইজারা নেওয়া বালু বিক্রি করা হচ্ছে এবং এতে কোনো অনিয়ম হয়নি। তাঁর বক্তব্য না নিয়ে ও যথাযথ তথ্য যাচাই না করেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদটি প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ করেন আবু জাফর চৌধুরী। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ছবি ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button