বাংলাদেশ

বিএনপি সমর্থকের বাড়ির সামনে ‘জাদুটোনার’ পুতুল, এলাকায় আতংক

বাংলা টিভি ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে আলী হোসেন (৫৫) নামের এক বিএনপি সমর্থকের বাড়ির প্রধান ফটকের সামনে খড় দিয়ে মূর্তি বা পুতুল বানিয়ে ফেলে রেখেছে দুর্বৃত্তরা। ঘটনা জানাজানি হওয়ার পর কৌতূহলী গ্রামবাসী মূর্তি বা পুতুল দেখার জন্য ওই বাড়িতে ভিড় করছেন। অনেকে বলছেন, আতংক বা ভয় সৃষ্টির জন্য দুষ্কৃতকারীরা এটা করে রেখেছে।

রোববার (২২ নভেম্বর) সকালে উপজেলার মাওনা ইউনিয়নের শিরিশগুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

আলী হোসেন শিরিশগুড়ি গ্রামের মৃত কমরুদ্দিন মাতবরের ছেলে। তিনি দীর্ঘদিন সৌদি প্রবাসী ছিলেন। পরে প্রায় ১০ বছর যাবৎ বাড়িতে বসবাস করছেন। তিনি ও তার পরিবারের সদস্যরা বিএনপি রাজনীতি সমর্থন করেন। তবে কোনো ধরনের মিছিল-মিটিংয়ের সঙ্গে জড়ান না।

আলী হোসেন জানান, তার বাবা শিরিশগুড়ি গ্রামে সালিশ-বিচার করতেন। সেই সূত্রে গ্রামবাসী কোনো সমস্যা বা সম্ভাবনাময় কোনো আলোচনা হলে তাকেও ওইসব আয়োজনে ডাকেন এবং গ্রামের গণ্যমান্য ও মুরুব্বিরা দায়িত্ব দিলে তিনি ছোটখাটো বিচার-সালিশও করেন। তিনি তিন মেয়ের জনক। তাদের প্রত্যেককে বিয়ে দিয়েছেন এবং তারা শ্বশুরবাড়িতে বসবাস করছেন। গ্রামের কারও সঙ্গে তার বা পরিবারের কোনো সদস্যের মনোমালিন্য এবং ঝগড়া নেই। কারা বা কেন এবং কী উদ্দেশ্যে আমার বাড়ির সামনে এ ধরনের কাজ করছে, তা তিনি ধারণা করতে পারছেন না।

বাড়ির প্রধান ফটকের সামনে খড় দিয়ে মূর্তি বা পুতুল দেখে তিনি বলেন, আমি এবং আমার স্ত্রী—দুইজন মানুষ এই বাড়িতে থাকি। বাড়িটি চারপাশ ওয়াল দিয়ে বাউন্ডারি করা। সকালে ফজরের নামাজ পড়ে গেটটা গোছাইতেই (খুলতেই) দেখি আটা বা ময়দা দিয়ে বড় আকারে গোল বৃত্ত এঁকে রাখছে। ওই বৃত্তের ভেতর ক্রস দিয়ে দুইটা দাগ দিয়ে রাখছে। ওই দাগের ওপর খড় দিয়ে তৈরি মূর্তি বা পুতুল বানিয়ে রেখে দিছে। পুতুলকে কাফনের সাদা কাপড় পরানো অবস্থায় ১৫ থেকে ২০টি বেলকাঁটা পুতুলের বুকে গেঁথে রাখছে। সাদা কাপড়ে বুকের ওপর সিঁদুর কালারের লাল রং দিয়ে রাখছে। চারপাশে লাল রং ছড়িয়ে-ছিটিয়ে ফেলে রাখছে। পুতুলের বাঁ পা এবং বাঁ হাত বেঁধে রাখছে। পাশে গোলাপ জলের একটি বোতল এবং এক প্যাকেট আগরবাতিও ফেলে রাখছে। পুতুলের সাইডে আগরবাতি জ্বালাইছিল, পাশে আগরবাতির ছাই পড়ে রয়েছে বুঝা যায়। কারা বা কেন আমার বাড়ির সামনে এ কাজ করলো আমি বুঝতেছি না। আমার কারও সঙ্গে শত্রুতা নাই। গ্রামবাসী এসে দেখে যাচ্ছে। তাদের কেউ কেউ বলতেছে এইডা একটা কুফরি, জাদুটোনা; কেউ বলতেছে শত্রুতামূলক ইঙ্গিত দেওয়া। মানে নানা ভয়ভীতি দেখাচ্ছে।

তিনি আরও বলেন, গত রাত ৮টার দিকে বাড়িতে ঢুকে গেট বন্ধ করে দিয়েছি। পরে আর বাড়ি থেকে বের হইনি। আমার ছেলে নাই, তিনটা মেয়ে আমার। তাদেরকে বিয়ে দিয়ে দিয়েছি। তারা শ্বশুরবাড়িতে থাকে। আমি বিএনপি সমর্থন করি তবে কোনো পদ বা মিছিল-মিটিংয়ে যাই না। গ্রামের কারও সঙ্গে কোনো বিবাদ নাই। সকাল থেকে এখনো লোকজন আসতেছে দেখার জন্য। উৎসুক মহিলাদের একজনে বললো কেউ শত্রুতামূলক এটা করছে। মাইরা ফালাইছে এমন ইঙ্গিত বুঝাইছে। আবার কেউ বলতেছে কুফরি করছে, জাদুটোনা বা বান মারছে। একজনের মুখে একেক কথা।

প্রতিবেশী শ্রীপুর সাবরেজিস্ট্রি অফিসের ভেন্ডার আলী আকবর বলেন, আলী হোসেন বিদেশ থেকে এসে দীর্ঘদিন যাবৎ বাড়িতেই বসবাস করছে। আমার জানামতে তার কোনো শত্রু নাই। কারা, কেন এবং কী উদ্দেশ্যে এ ধরনের পুতুল এঁকে রেখে গেছে বুঝতেছিনা।

প্রতিবেশী নারী সুফিয়া খাতুন (৬০) বলেন, জাদুটোনা করতে পারে। দেখ, মনে হচ্ছে কেউ জাদুটোনা করার জন্য এটা করে রেখেছে যেন ভয় পায়।

শ্রীপুর পৌর সচেতন নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন, রাতের আঁধারে গেটের সামনে কে বা কারা এমন ভয়ংকর নকশা এঁকে কাফনের কাপড় পড়ানো একটি পুতুলসদৃশ মূর্তি রেখে গেছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকেই শিরিশগুড়ি গ্রামে এক ধরনের আতংক ও কৌতূহল বিরাজ করছে। আসলে এর পেছনে কী রহস্য লুকিয়ে আছে, তা আইনশৃঙ্খলা বাহিনীকে খুঁজে বের করার দাবি জানাচ্ছি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, আমি আপনার (সাংবাদিকের) মাধ্যমে এই মাত্র শুনলাম। আমি পুলিশ পাঠাচ্ছি ঘটনাস্থলে। তারা ফিরে আসলে বলতে পারবো বিষয়টা আসলে কী।

সংশ্লিষ্ট খবর

Back to top button