
স্বাস্থ্য অধিদপ্তরে অভিযানের মধ্যে রাজধানীর আরেক হাসপাতালে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অনুমতি না নিয়ে করোনা ভাইরাস পরীক্ষা করে করোনা রোগীদের চিকিৎসা দেয়ার অভিযোগে সাহাবুদ্দিন মেডিকেল হাসপাতালের ২ জনকে আটক করে র্যাব।
এদিকে স্বাস্থ্যখাতের দুর্নীতি অনুসন্ধানে অধিদপ্তরে গিয়ে রিজেন্টের অনিয়মের তথ্য চেয়েছে দুদকের অনুসন্ধানী দল। দুদকের উপ-পরিচালক আবু বকর সিদ্দিক জানান, আগামীকালের মধ্যে সব তথ্য দেয়ার আশ্বাস দিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক।
রাজধানীর গুলশানে ২ নম্বরে অবস্থিত সাহাবুদ্দিন মেডিকেল হাসপাতালে রোববার দুপুরে অভিযান চালায় র্যাব।অনুমতি না নিয়ে করোনা ভাইরাস পরীক্ষা করে করোনা রোগীদের চিকিৎসা দিয়ে আসছিল হাসপাতালটি। এ অভিযোগে সাহাবুদ্দিন মেডিকেল হাসপাতালে এ অভিযান চালানো হয়। অভিযানে অসহযোগিতা করায় প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক ডা. মোহাম্মদ আবুল হাসনাতসহ ২ জনকে আটক করেছে র্যাব।
ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে নেতৃত্ব দিয়েছেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। তিনি জানান, অনিয়ম-দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে রাজধানীর সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অন্যদিকে, স্বাস্থ্যখাতের দুর্নীতি অনুসন্ধানে অধিদপ্তরে গিয়ে রিজেন্টের অনিয়মের তথ্য চেয়েছে দুদকের অনুসন্ধানী দল। কর্মকর্তাদের সঙ্গে ঘণ্টাখানেক আলাপের পর দুদকের উপ-পরিচালক আবু বকর সিদ্দিক জানান, আগামীকালের মধ্যে সব তথ্য দেয়ার আশ্বাস দিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক।
এছাড়া এন৯৫ মাস্ক-পিপিই ক্রয় দুর্নীতির অনুসন্ধানে বাংলাদেশ কেন্দ্রীয় ঔষধাগার সিএমএসডির পরিচালকসহ তিনজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রোববার দুদকের প্রধান কার্যালয়ে সকাল ১০টা থেকে দুদক পরিচালক মীর মোহাম্মদ জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।
এছাড়া কেন্দ্রীয় ঔষধাগারের সাবেক-বর্তমান মিলিয়ে ছয় কর্মকর্তার মধ্যে বাকি তিনজনকে সোমবার জিজ্ঞাসাবাদ করা হবে। কোভিড-১৯ এর চিকিৎসায় নিম্নমানের মাস্ক, পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জামাদি ক্রয়সহ বিভিন্ন হাসপাতালে সরবরাহের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠেছে।
মাসুদ সুমন, বাংলাটিভি



