তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন ঘিরে ২৭৪টি সহিংস ঘটনা: প্রধান উপদেষ্টার প্রেস উইং

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ২৭৪টি সহিংস ঘটনা ঘটেছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
সোমবার বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে গত বছরের ১২ই ডিসেম্বর থেকে পহেলা ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন সহিংস ঘটনার কথা তুলে ধরা হয়।
এর সাথে আগের তিনটি নির্বাচনেরও তুলনা তুলে ধরেছে প্রেস উইং। সেসব নির্বাচনে সহিংসতার সংখ্যা বেশি ছিল বলে ওই পরিসংখ্যানে দেখা যাায়।
সেখানে মূলত, প্রতিদ্বন্দ্বী সমর্থকদের মধ্যে সংঘর্ষ, হত্যাকান্ড, হুমকি ও ভয়ভীতি প্রদর্শন এমন কয়েকটি ক্যাটাগরিতে সহিংসতার হিসাব তুলে ধরেছে প্রেস উইং।
দেখা যায় তফসিল ঘোষণার পর থেকে ১লা ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদ্বন্দ্বী সমর্থকদের মধ্যে ৮৯টি সংঘাত সংঘর্ষের ঘটনা ঘটেছে।
হত্যাকাণ্ডের শিকার হয়েছে পাঁচ জন, ভয় দেখানো বা আক্রমণাত্মক আচরণের ঘটনা ঘটেছে ১৬টি, প্রার্থীর ওপর হামলা হয়েছে ১৫টি।
এছাড়া অবৈধ অস্ত্রের ব্যবহারের তিনটি ঘটনা, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের ৯টি, প্রচার কাজে বাধা প্ৰদানের ২৯টি ঘটনা নির্বাচন সংশ্লিষ্ট অফিস/ প্রতিষ্ঠানে হামলা, ভাঙ্গচুর ও অগ্নিসংযোগের ২০টি, অবরোধ/বিক্ষোভ ইত্যাদি ১৭টি, সংখ্যালঘুদের উপর আক্রমণ ১টি এবং অন্যান্য আরো ৭০টি সহিংসতার ঘটনা রেকর্ড করা হয়।
তবে সেখানে দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের তথ্য তুলে ধরা হয়েছে, যেখানে দেখা যায় যে, সেসব নির্বাচনে সহিংসতার ঘটনা এর বেশি অনেক বেশি ছিল।
প্রেস উইং থেকে পাঠানো তথ্য অনুযায়ী, দশম সংসদ নির্বাচনে ৫৩০টি, একাদশ নির্বাচনে ৪১৪টি আর দ্বাদশ সংসদ নির্বাচনে ৫৩৪টি সহিংসতার ঘটনা ঘটেছিল।
এর আগে সকালের দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরের ৩৬ দিনে সারাদেশে অন্তত ১৫ জন রাজনৈতিক নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে এক রিপোর্টে বলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।



