ইরাকে আকস্মিক বন্যায় ২১ জন নিহত

ইরাকের উত্তরাঞ্চলে আকস্মিক বন্যায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। ১৮০ জন গুরুতর আহত হয়েছেন। ঘর ছাড়া হয়েছেন ১০ হাজারেরও বেশি মানুষ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ও জাতিসংঘের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সেফ আল বদর এএফপিকে বলেন, নিহতদের মধ্যে নারী ও শিশু আছেন। এদের মধ্যে অনেকে পানিতে ডুবে মারা গেছেন, কেউ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং কেউ বন্যায় ঘরের মধ্যে আটকা পড়ে মারা গেছেন।
দেশটির তরফ থেকে জানানো হয়, টানা কয়েকদিনের প্রবল বর্ষণে আকস্মিক এই বন্যার সৃষ্টি হয়েছে।
তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, বন্যায় প্রায় ৩০০ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে নিনেভেহ ও কিরকুক প্রদেশে ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি হয়েছে। কয়েক দিনের ভারী বর্ষণের ফলে সৃষ্ট এই বন্যায় বাগদাদের উত্তর-পশ্চিমাঞ্চলের আল সিরকাত শহরও ডুবে গেছে।
বাংলাটিভি/এসএম/এবি



