পোড়ামন ২’ ও ‘দহন’ ছবি দিয়ে তরুণ প্রজন্মের আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছেন সিয়াম। শাকিব খান ও আরিফিন শুভর পর চলচ্চিত্রে এ সময় যে নায়কের নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে, তিনি সিয়াম আহমেদ। মাত্র দুটি সিনেমায় অভিনয় করে চলচ্চিত্র তিনি নিজের প্রতিভা আর সম্ভাবনার কথা জানান দিয়েছেন।
এ সময়ের আলোচিত জনপ্রিয় এই নায়কের বিয়ে বিজয়ের মাসের বিজয় অর্জনের এই দিনে। রাজধানীর একটি রেস্তোরাঁয় আজ সন্ধ্যায় হবে সিয়ামের বিয়ের আনুষ্ঠানিকতা। এখানে শুধু দুই পরিবারের খুব কাছের মানুষেরাই উপস্থিত থাকবেন। হঠাৎ গত শুক্রবার রাতে জানা যায়, সিয়াম বিয়ে করতে যাচ্ছেন। সেদিন কনে শাম্মা রুশাফি অবন্তীর বারিধারার বাসায় গায়েহলুদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর গতকাল শনিবার সন্ধ্যায় সিয়ামের রাজারবাগের বাসায় আরেকটি গায়েহলুদ অনুষ্ঠান আয়োজন করা হয়।
বন্ধুর বোন শাম্মা রুশাফির সঙ্গে নয় বছরের পরিচয় চিত্রনায়ক সিয়ামের। আর সাত বছর তাঁদের প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের সূত্র ধরে তাঁরা জীবনসঙ্গী হিসেবে শুরু করছেন সংসারজীবন। আজ ১৬ ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর এক রেস্তোরাঁয় দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাঁদের বিয়ে হচ্ছে। হুট করেই সিদ্ধান্ত নেওয়ায় সহকর্মীদের কাউকে বিয়েতে দাওয়াত দিতে না পারায় নতুন বছর সুবিধাজনক একটি সময়ে সবাইকে দাওয়াত দিয়ে একটি অনুষ্ঠানের পরিকল্পনা আছে বলে জানান সিয়াম।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে মানবসম্পদ ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক শেষ করেছেন শাম্মা রুশাফি অবন্তী। সিয়ামও পড়াশোনায় ভীষণ মেধাবী। তবে মা-বাবার ইচ্ছায় যুক্তরাজ্য থেকে বার অ্যাট ল শেষ করে দেশে ফিরলেও অভিনয়ে পুরোদস্তুর জড়িয়ে পড়েন।
চার বছর আগে ‘ভালোবাসা ১০১’ নাটকের মধ্য দিয়ে অভিনয়জীবন শুরু সিয়ামের। তারও দুই বছর আগে থেকে বিজ্ঞাপনচিত্রের কাজ করছেন তিনি। তবে চলচ্চিত্রে এসে বেশি সফলতা পেয়েছেন সিয়াম। প্রথম সিনেমা ‘পোড়ামন ২’ দিয়ে দর্শক হৃদয়ে জায়গা করে নেন। সম্প্রতি মুক্তি পাওয়া ‘দহন’ ছবিটি সিয়ামের জনপ্রিয়তা আরও বহুগুণ বাড়িয়ে দেয়। চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেকের মতে, বাংলাদেশের সিনেমায় নির্ভরতার একটি নাম হতে পারে সিয়াম। শুধু অভিনয় নয়, সিয়ামের ব্যক্তিত্বও চলচ্চিত্রের সবাইকে মুগ্ধ করে।
বাংলাটিভি/এমআরকে



