
হঠাৎ করেই মাছরাঙ্গা টেলিভিশনে দেখা গেলো সংবাদ পাঠ করছেন অভিনেতা চঞ্চল চৌধুরী ও জয়া আহসান। মুহুর্তেই সেটি সামাজিক মাধ্যমগুলোতে ভাইরাল নামক উপাধিতে ভূষিত হলো। তবে কি অভিনয় ছেড়ে দিলেন তুমুল জনপ্রিয় এই দুই টিভি ও চলচ্চিত্রাভিনেতা ? সবার প্রশ্নের উত্তর বের হয়ে আসতে বেশি সময় লাগল না। জানা গেলো অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ ছবির ভিন্নধারার ব্রান্ডিংয়ের জন্য এই এই সংবাদ পাঠের অভিনব কৌশল। গতবছর দেশের প্রায় সবকটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিটি পায় ব্যাপক জনপ্রিয়তা। দারুন ভাবে ব্যবসাসফল হওয়া ‘দেবী’ এখানো সমানতালে চলছে দেশ-বিদেশের প্রেক্ষাগৃহগুলোতে। গত ২৭ জানুয়ারি প্রেক্ষাগৃহে ‘দেবী’র ১০০তম দিন পূর্ণ হয়েছে, যা এ সময়ের কোনো ছবির জন্য বিশেষ একটি অর্জন।
বড় পর্দায় নন্দিত ছবি ‘দেবী’ এবার দেখা যাবে ছোট পর্দায়। মাছরাঙা টেলিভিশন পহেলা ফাল্গুন (১৩ ফেব্রুয়ারি) ও বিশ্ব ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) পরপর দুই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় ‘দেবী’ দর্শকদের জন্য নিয়ে আসছে।
সফল এই ছবির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার নিয়ে ছবির প্রযোজক ও অভিনেত্রী জয়া আহসান বলেন, ‘যেহেতু এই ছবির সম্প্রচার সহযোগী মাছরাঙা টেলিভিশন, সে কারণে পরপর দুই দিন ছোট পর্দার দর্শকদের জন্য মাছরাঙা টেলিভিশন ঘরে বসে ‘দেবী’ দেখার ব্যবস্থা করে দিয়েছে। যেসব দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে ‘দেবী’ দেখার সময় করে উঠতে পারেননি কিংবা যেসব মুগ্ধ দর্শক আমাদের কাছে বারবার জানতে চেয়েছেন চলচ্চিত্রের মিসির আলি, রানু, নিলু, আনিস, আহমেদ সাবেতদের কবে ঘরে বসে দেখা যাবে তাদের জন্য আমাদের এই আয়োজন।
সম্প্রতি চালু হওয়া স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভারের নতুন শাখায়ও অন্যতম উদ্বোধনী বাংলা চলচ্চিত্র হিসেবে ‘দেবী’ দেখানো হয়েছে। পাশাপাশি বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স, যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস ও চট্টগ্রামের সিলভার স্ক্রিনে প্রতিদিন ‘দেবী’র মোট ১১টি প্রদর্শনী চলছে।
দেবী’তে জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, জয়া আহসান, শবনম ফারিয়া, ইরেশ যাকের, অনিমেষ আইচসহ অনেকে। শিগগিরই ডিজিটাল মাধ্যমেও মুক্তি পাবে চলচ্চিত্র ‘দেবী’।
বাংলাটিভি/কায়েস



