নিজেদের সর্বোচ্চটা দিতে প্রস্তুত ইংল্যান্ড

বিশ্বকাপের ইতিহাসে বেশ কয়েকবার সম্ভাবনা জাগিয়েও চ্যাম্পিয়ন হতে পারেনি ইংল্যান্ড। দেশের মাটিতে এবার অধরা শিরোপাটি ঘরে তুলতে মরিয়া তারা। আর সে লক্ষ্যে দলের সবাই নিজেদের সর্বোচ্চটা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন অলরাউন্ডার মইন আলি।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে সতীর্থদের সামর্থ্যে আস্থা প্রকাশ করেন মইন।
আমরা জানি যে চার বছর ধরে আমরা দারুণ খেলছি – শুধু ভালো নয়, অসাধারণ। সব কিছুর ওপরে আমরা একটা শিরোপা জিততে চাই। এর জন্য আমরা আমাদের সবকিছু দিব।”
আজ হেডিংলিতে বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে ইংলিশরা। নিজেদের প্রথম পাঁচ ম্যাচের চারটিতেই জেতা ওয়েন মর্গ্যানের দল লঙ্কানদের হারাতে পারলে শেষ চারের অনেক কাছে পৌঁছে যাবে।
২০১৫ বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকে ছিটকে যাওয়ার পর আমূল বদলে যাওয়া ইংল্যান্ডের বড় শক্তি তাদের শক্তিশালী ব্যাটিং লাইনআপ। মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে তার প্রমাণ মিলেছে। ১৭টি ছক্কা হাঁকিয়ে ওয়ানডেতে এক ইনিংসে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েন মর্গ্যান। ম্যাচটিতে ৬ উইকেটে ৩৯৭ রান করার পথে মোট ২৫টি ছক্কা হাঁকিয়ে ওয়ানডেতে এক ইনিংসে সর্বোচ্চ দলীয় ছক্কার রেকর্ডও গড়ে ইংলিশরা।
“আমরা শুরু করলে, এটা থামানো প্রায় অসম্ভব। আর এটাই দলটির অসাধারণ দিক।”
“মর্গ্যান, জস বাটলার এবং জেসন রয়ের মতো আমাদের অনেক খেলোয়াড় আছে, ব্যাটিং অর্ডারের প্রথম আট জনের প্রায় সবাই এটা করতে পারে।”
চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিন নম্বরে আছে ইংল্যান্ড।
বাংলাটিভি/শহীদ



