ক্রিকেটখেলাধুলা

বিপিএলে ঢাকা ছেড়ে এবার রংপুরে সাকিব

বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির সপ্তম আসর মাঠে গড়াচ্ছে আগামী ডিসেম্বরে। চলতি বছরে দ্বিতীয়বারের মতো মাঠে গড়াতে চলেছে ফ্রাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্ট। নতুন আসরকে সামনে রেখে এখনই দল বদলে মনোযোগ দিয়েছেন টিম মালিকরা।

আর এই মৌসুমে চমক হিসেবে বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান ছাড়ছেন ঢাকা ডায়নামাইটস। এবারের আসরে দীর্ঘদিন ধরে ঢাকা ডায়নামাইটসের সাথে চুক্তি শেষ করে এক বছরের চুক্তিতে নতুন ঠিকানা রংপুর রাইডার্সে যোগ দিচ্ছেন সাকিব।

দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বসুন্ধরা গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার-২ এর কনফারেন্স রুমে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাকিবের সঙ্গে নতুন চুক্তিতে আবদ্ধ হয় রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজি।

পরে নিজের অনুভূতি জানাতে গিয়ে সাকিব বলেন, ‘রংপুর রাইডার্সে যোগ দিতে পেরে রোমাঞ্চিত লাগছে। আশা করি আসছে মৌসুমে চ্যাম্পিয়ন হতে পারবো।’

অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন রংপুর রাইডার্সের ম্যানেজিং ডিরেক্টর ও বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান জনাব সাফওয়ান সোবহান এবং রংপুর রাইডার্স টিমের চেয়ারম্যান মোস্তফা আজাদ মহিউদ্দিন।

এর আগে বিপিএলের তৃতীয় আসরে (২০১৫) রংপুরের হয়ে মাঠে নেমেছিলেন সাকিব। তবে ২০১৬ আসর থেকে ঢাকার হয়ে খেলছেন তিনি। চার বছর ধরেই ঢাকার আইকন প্লেয়ার ও অধিনায়ক ছিলেন। ডায়নামাইটসের হয়ে সাকিব দুইটি বিপিএলের শিরোপাও জিতেছেন। প্রথম মৌসুমে খুলনা রয়েল বেঙ্গলসের হয়ে খেলেছিলেন তিনি। এরপরের মৌসুমে ঢাকা গ্ল্যাডিয়েটর্সে যোগ দেন। সে মৌসুমেই জয় করেন প্রথম বিপিএলের শিরোপা।

সাকিব বিপিএলে তিনটি দলের হয়ে খেলে প্রায় দেড় হাজার রান করেছেন। এছাড়া টুর্নামেন্টের একমাত্র বোলার হিসেবে ১০০টির বেশি উইকেট নিয়েছেন তিনি।

বিপিএলের সপ্তম আসরের পর্দা উঠবে ৩ ডিসেম্বর জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে। আর মাঠে খেলা গড়াবে ৬ ডিসেম্বর।

বাংলাটিভি/ রিয়েল

সংশ্লিষ্ট খবর

Back to top button