
‘ডুবসাঁতার’ নির্মাণের প্রায় দশ বছর পর নতুন ছবি নিয়ে ফিরছেন মেধাবী নির্মাতা নুরুল আলম আতিক। তার নতুন ছবির নাম ‘মানুষের বাগান’। রোববার ছবিটির একটি পোস্টার প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যদিও এই পোস্টারটি অফিসিয়াল পোস্টার না বলে জানিয়েছেন নির্মাতা নুরুল আলম আতিক।
তিনি জানিয়েছেন ‘ছবির পোস্টারে আরও অল্প কিছু কাজ বাকি আছে। তবে পোস্টারের মূল আদলটা এমনই থাকবে। সামান্য কিছু পরিবর্তন করা হবে। কিন্তু সেই কাজটি করার আগেই ফেসবুকে লিক হয়ে গেছে পোস্টারটি।’
জানা গেছে, সমাজের বিভিন্ন শ্রেণির মানুষদের নিয়ে গড়ে উঠেছে ছবির কাহিনী। ‘মানুষের বাগান’ নামের সঙ্গে এর পোস্টারের দারুণ সামঞ্জস্যও রয়েছে। ছবিটিতে অভিনয় করেছেন প্রসূন আজাদ, মনোজ কুমার, অর্চিতা স্পর্শিয়াসহ অনেকে।
আতিকের এই ছবির শুটিং শেষ হয়েছে চলতি বছরের মাঝামাঝি সময়ে। এখন সম্পাদনার কাজে ছবিটি রয়েছে ভারতে। পরিচালক জানালেন চলতি বছরের শেষ নাগাদ ‘মানুষের বাগান’ মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে তাদের।
বাংলাটিভি/ এআর



