জিব্রাল্টার বন্দর ত্যাগ করেছে ইরানি তেলবাহী জাহাজ গ্রেস-১

দেড় মাস আটক থাকার পর অবশেষে ইরানি তেলবাহী জাহাজ গ্রেস-১ জিব্রাল্টার বন্দর ত্যাগ করেছে। বর্তমানে এটির নাম পরিবর্তন করে আদরিয়ান দারিয়া-এক রাখা হয়েছে। এর আগে ব্রিটিশ নৌবাহিনীর হাতে আটক হওয়ার সময় এর নাম ছিল গ্রেস-এক।
আদরিয়ান দারিয়া-এক জিব্রাল্টার বন্দর ত্যাগ করে পূর্বদিকে ভূমধ্যসাগর অভিমুখে রওনা দিলেও এটির গন্তব্য এখনো স্পষ্ট নয়। বৃহস্পতিবার জিব্রাল্টারের সুপ্রিমকোর্ট তেল ট্যাংকারটি মুক্ত করে দেয়ার নির্দেশ দেয়। এরপর শুক্রবার মার্কিন বিচার বিভাগ এটিকে আমেরিকার কাছে হস্তান্তরের অনুরোধ করে। গত ৪ জুলাই ব্রিটিশ নৌবাহিনী জিব্রাল্টার প্রণালির আন্তর্জাতিক পানিসীমা থেকে ২১ লাখ ব্যারেল তেলবাহী ইরানি ট্যাংকারটি আটক করে। ট্যাংকারটি সিরিয়ায় যাচ্ছিল দাবি করে ব্রিটেন জানায়, সিরিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা কার্যকর করতে গিয়ে ইরানি তেল ট্যাংকার আটক করা হয়েছে।
বাংলাটিভি/প্রিন্স



