
অ্যাশেজের চতুর্থ টেষ্টে আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। ওল্ড ট্র্যাফোর্ডে বাংলাদেশ সময় বিকাল চারটায় শুরু হবে খেলা। প্রথমটি অস্ট্রেলিয়া এবং তৃতীয়টি জয় পায় ইংল্যান্ড। আর ড্র হয় দ্বিতীয় টেস্টটি। ফলে পাঁচ ম্যাচের সিরিজে ১-১ সমতা।
চতুর্থ টেস্ট জিততে কৌশলগত পরিবর্তন অস্ট্রেলিয়ার। মঙ্গলবার তারা ঘোষণা করেছে ১২ সদস্যের দল। উসমান খাজার পরিবর্তে নেয়া হয়েছে স্টিভ স্মিথকে। দলে আছেন মারনাস ল্যাবুশ্যাগন। তবে অস্ট্রেলিয়ার পেস আক্রমণটা স্থির থাকছে না এবারও। ফিরিয়ে আনা হচ্ছে অজি পেসার মিচেল স্টার্ককে। সিরিজে প্রথমবারের মতো খেলতে নামবেন। বাদ পড়েছেন জেমন প্যাটিনসন।
অবশ্য দলে থাকলেও একাদশে স্থান পেতে স্টার্ককে লড়াই করতে হচ্ছে হ্যাজেলউড, প্যাট কামিন্স ও পিটার সিডলের সঙ্গে। অপর দিকে ইংল্যান্ডও পরিবর্তন আনছে ব্যাটিং অর্ডারে। ওপেনিংয়ে না, চার নম্বরে নামবেন জেসন রয়। তার জায়গায় ওপেন করবেন জো ডেনলি। শেষ ম্যাচ থেকে বাদ পড়েছেন ক্রিস ওকস, তার জায়গায় ফিরছেন ক্রেইগ ওভারটন।



