
ফেসবুকে ভুয়া আইডি খুলে অভিনয়শিল্পী ববিতা ও চম্পার নামে চাঁদাবাজির চেষ্টা চালাচ্ছে একটি দল। এই দুই বোন অভিযোগ করেন, কারা এমনটা করছেন বুঝতে পারছেন না তাঁরা। তবে বিষয়টি নিয়ে ভীষণ রকম আতঙ্কিত ও বিব্রত হয়ে আছেন।
ক্ষুব্ধ ববিতা বলেন, আমার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। অথচ প্রায়ই আমার বিভিন্ন অনুষ্ঠানের এমনকি ঘরের দুর্লভ স্থিরচিত্রও নাকি ওই ফেসবুক থেকে প্রকাশ করা হয়। শুধু তাই নয়, আমি নাকি দেশের বাইরে থাকা অবস্থায় মেসেঞ্জারে কার কার কাছে টাকা চেয়েছি। পুরো বিষয়টি আমার জন্য ভীষণ অস্বস্তিকর। শুরুতে বিষয়টা পাত্তা দিইনি, এখন তো খুব ভীতিকর মনে হচ্ছে। তবে এখন আমি কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
বিরক্ত চম্পা জানালেন, আমার নামে ফেসবুক আইডি থেকেও কে বা কারা টাকা দাবি করছে। পরিচিতজনেরা বিশ্বাস করতে পারেন না বলেই মুঠোফোনে নিশ্চিত হন। তখনই জানতে পারি ঘটনাটি। চম্পা বলেন, ‘পরিচিতজনদের অনেকের কাছে হয়তো আমাদের ফোন নম্বর থাকায় বিষয়টি থেকে রক্ষা পান। কিন্তু ভক্তদের অনেকে এই ফেসবুক আইডি আমার ভেবে বিশ্বাস করে প্রতারিত হবেন। এখন পুরো ব্যাপারটি নিয়ে আমরা আতঙ্কিত।
বাংলাটিভি/ সৌরভ নূর



