জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে বরখাস্ত

আফগানিস্তান ও ইরান ইস্যু নিয়ে মতবিরোধের জেরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে বরখাস্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক টুইটবার্তায় তিনি নিজেই এ তথ্য জানান।
নিজের অফিসিয়াল টুইটারে মার্কিন প্রেসিডেন্ট জানান, জন বোল্টনকে আমি জানিয়েছি, হোয়াইট হাউজে তার আর চাকরি করার প্রয়োজন নেই। তার অনেক প্রস্তাবের সঙ্গে আমার মত পার্থক্য রয়েছে। আগামী সপ্তাহে নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ দেওয়া হবে বলেও জানান ট্রাম্প।
তালেবানদের সঙ্গে শান্তি চুক্তি নিয়ে আলোচনায় ট্রাম্প প্রশাসনের সঙ্গে বোল্টনের মতানৈক্য হওয়ার পরপরই এ বরখাস্তের ঘোষণা দেওয়া হয়। ২০১৮ সালের এপ্রিল থেকে বোল্টন ট্রাম্প সরকারের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োজিত ছিলেন।
তার আগে নিরাপত্তা উপদেষ্টা ছিলেন মাইকেল ফ্লিন এবং এইচআর ম্যাকমাস্টার। ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা হওয়ার আগে বোল্টন, আরো তিনজন মার্কিন প্রেসিডেন্ট, রোনাল্ড রিগ্যান, সিনিয়র বুশ এবং জর্জ ডব্লিউ বুশের প্রশাসনের দায়িত্বে ছিলেন।
বাংলাটিভি/ এসনূর



