
মোহাম্মদ হাসিব, ঢাকা : বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজ। সেরাটা নিংড়ে ভালো খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী স্বাগতিক দলের কোচ রাসেল ডোমিঙ্গো। মিরপুরে সংবাদ সম্মেলনে তিনি জানান, এই সিরিজে ভালো করে অতীতের ব্যর্থতা ভুলতে চান তারা। আর সফরকারী দলের অধিনায়ক বলেন, প্রস্তুতি ম্যাচে জয় পাওয়াটা মানসিক শক্তি হিসেবে কাজ করছে।
বাংলাদেশ-আফগানিস্তান-জিম্বাবুয়ে, ত্রিদেশীয় সিরিজের তিন প্রতিপক্ষ। যেখানে ফেভারিটের তকমায় অনেকটা এগিয়ে রয়েছে আফগানিস্তান। কারণ বিশ্বকাপের পর থেকেই বেশ বাজে সময় পার করছে সাকিব বাহিনী। তবে, এসব ভুলতে চান টাইগার কোচ।
রাসেল ডোমিঙ্গো বলেন, টেস্ট ম্যাচ নিয়ে ভাবতে চাই না। এবার আমাদের ভালো খেলাটাই জরুরী। রঙ্গিন পোশাকে বাংলাদেশ অনেক ভালো দল। টুর্নামেন্ট জিতবোই এটি বলতে চাই না। তবে অবস্থার পরিবর্তনের জন্য জয় পাওয়াটা এখন আমাদের জন্য জরুরী।
ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে জিম্বাবুয়ের বিপক্ষে মোট ৯ বারের দেখায় পাঁচটিতে জয় বাংলাদেশের। কিন্তু সিরিজে জয় মাত্র একবার। ড্র হয়েছে বাকি চারটি।
সফরকারী অধিনায়ক জানান, তাদের কাছে পরিসংখ্যানের চেয়ে বর্তমান পারফম্যান্সটাই বেশি গুরুত্বপূর্ণ। প্রস্তুতি ম্যাচটা জিততে পেরেছি আমরা। যা খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। প্রতিপক্ষ দুই দলই আমাদের চেয়ে শক্তিশালী। জমজমাট টুর্নামেন্ট হবে এবার।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ছ’টায় শুরু হবে টুর্নামেন্টের প্রথম ম্যাচ।
বাংলাটিভি/ এসনূর



