
হোসনে মোবারক রুমি পরিচালিত ২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত ‘অন্ত্যেষ্টিক্রিয়া’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অপর্ণা ঘোষ।
পরিচালক হোসনে মোবারক রুমি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অন্ত্যেষ্টিক্রিয়া ছবিতে অপর্ণা ঘোষ ছাড়াও জয়ন্ত চট্টোপাধ্যায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন। এছাড়াও ছবিতে আরও অনেক পরিচিত মুখ থাকবে। তাদেরকে শিগগিরই আমরা আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেব। তবে আমরা চেষ্টা করবো একটা অপরিচিত গল্প তুলে ধরতে।
এই পরিচালক আরও জানান, অন্ত্যেষ্টিক্রিয়া একটি পিরিওডিক্যাল সিনেমা। ১৯৭১ সালের একটি ঘটনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এর কাহিনী। প্রথম লটের শুটিংয়ের প্রস্তুতি নেওয়া হয়ে গেছে তাদের। অক্টোবরের ১ তারিখ থেকে শুরু হবে সিনেমার শুটিং।
অপর্ণা এখন পর্যন্ত অভিনয় করেছেন মৃত্তিকা মায়া (২০১৩), মেঘমল্লার (২০১৪), সুতপার ঠিকানা (২০১৫), দর্পণ বিসর্জন (২০১৬), ভুবন মাঝি (২০১৭) ও গণ্ডি (২০১৯) সিনেমায়। যার মধ্যে গণ্ডি সিনেমাটি রয়েছে মুক্তির অপেক্ষায়।
প্রসঙ্গত, অন্যদিকে ২০১৮-১৯ অর্থবছরে ঘোষণা করা পূর্ণদৈর্ঘ্য এবং স্বল্পদৈর্ঘ্য ১৪টি সিনেমার প্রজ্ঞাপনের বিরুদ্ধে উচ্চ আদালতের রুল জারি আছে।
বাংলাটিভি/ সৌরভ নূর



