
বাংলা চলচ্চিত্রের বরপুত্র সালমান শাহ’র জন্মদিন আজ ১৯ সেপ্টেম্বর। এ উপলক্ষে ঢুলি কমিউনিকেনশনস-এর আয়োজনে টিএম ফিল্মস নিবেদিত রাজধানীর মধুমিতা প্রেক্ষাগৃহে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী (২০ থেকে ২৬ সেপ্টেম্বর) চলচ্চিত্র উৎসব। বেলা ১১ টায় মধুমিতা প্রেক্ষাগৃহে এই আয়োজনের উদ্ভধোন হয় করা।
অনুষ্ঠান উদ্ভধোন করেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক (এমপি)। এছাড়া বিশেষ অতিথি ছিলেন গানবাংলা টিভি ও টিএম ফিল্মসের চেয়ারম্যান ফারজানা মুন্নী এবং বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি ফালগুনী হামিদ। অতিথি হিসেবে ছিলেন সর্বস্তরের শিল্পী-কুশলীরা।
এসময় শাকিব খান বলেন, ‘সালমান শাহ কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে আছেন। তিনি মৃত্যুর এত বছর পরেও মানুষের কাছে সমান জনপ্রিয়। এই মহান নায়কের জন্মোৎসব আয়োজন। এটি খুব ভালো উদ্যোগ। এমন উদ্যোগ নিয়মিত হওয়া দরকার।’
ফারজানা মুন্নী বলেন, ‘যাকে নিয়ে এই আয়োজন তিনি আমাদের সর্বস্তরের মানুষের কাছে স্বপ্নের নায়ক। আরও ভালো লাগছে টিএম ফিল্মস-এর মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে পেরেছে। আগামী প্রজন্মের চলচ্চিত্র নির্মাতা, অভিনয়শিল্পী ও দর্শকদের জন্য একটি আন্তর্জাতিক মানের প্ল্যাটফর্ম তৈরি করােই আমাদের উদ্দেশ্য।’
উৎসবে প্রদর্শিত হচ্ছে সালমান শাহ অভিনীত ৭টি বিশেষ সিনেমা। এরমধ্যে রয়েছে ২০ সেপ্টেম্বর ‘কেয়ামত থেকে কেয়ামত’, ২১ তারিখ ‘তোমাকে চাই’, ২২ তারিখ ‘মায়ের অধিকার’, ২৩ তারিখ ‘চাওয়া থেকে পাওয়া’, ২৪ তারিখ ‘তুমি আমার’, ২৫ তারিখ ‘অন্তর অন্তরে’ এবং উৎসবের পর্দা নামবে ২৬ সেপ্টেম্বর ‘সত্যের মৃত্যু নাই’ ছবিটি দিনব্যাপী প্রদর্শনের মাধ্যমে শেষ হবে।



