
মোহাম্মদ হাসিব : দশবছর পর ঘরের মাঠে জিতলো পাকিস্তান। ২০০৯ সালে শ্রীলঙ্কা দলের উপর হামলার পর, দশ বছর কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি। মাঠে ফিরেই জয়ের দেখা পেলো স্বাগতিকরা। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে লঙ্কানদের ৬৭ রানের হারিয়েছে তারা।
করাচিতে, সোমবারের ম্যাচে টস জিতে আগে ব্যাট করে পাকিস্তান। বাবর আজম করেন ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি। ১১৫ রান আসে তার ব্যাট থেকে। ফখর জামান ৫৪, হারিস সোহেল ৪০ এবং শেষ দিকে ইফতিখার আহমেদের ৩২ রানে ঝড়ো ইনিংসে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩০৫ রান করে স্বাগতিকরা।
জবাবে শিনওয়ারীরর বোলিং তোপে ২৮ রানে পাঁচ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় শ্রীলঙ্কা। ষষ্ঠ উইকেট জুটিতে শেহান জয়সুরিয়া এবং দাসুন শানাকার ১৭৭ রানের জুটিতে জয়ের আশা করলেও, তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। জয়সুরিয়া ৯৬ এবং শানাকা করেন ৬৮ রান। শেষ পর্যন্ত ২৩৮ রানে গুটিয়ে যায় লঙ্কানরা।
শিনওয়ারি নেন পাঁচ উইকেট, শাদাবের শিকার দুইটি। দুই ম্যাচ সিরিজের প্রথমটি পরিত্যক্ত হয়েছিল।
বাংলাটিভি/ নূর



