
সৌরভ নূর : আগামী ৪ অক্টোবর বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে এবং একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে সাড়ে পাঁচ কোটি মার্কিন ডলার ব্যয়ে নির্মিত ডিসি ফিল্মসের বহুল আলোচিত চলচিত্র ‘জোকার’।
‘ব্যাটম্যান’ সিনেমার সেই কুখ্যাত খলনায়ক জোকারের ব্যক্তিগত কাহিনি নিয়ে ‘জোকার’ সিনেমাটি নির্মিত হয়েছে। ভেনিস চলচ্চিত্র উৎসবে সিনেমাটির প্রিমিয়ার প্রদর্শনীর পর দর্শক-সমালোচকরা এর উচ্ছ্বসিত প্রশংসা করছেন। ইতিমধ্যে সমালোচকেরা ছবিটিকে দিয়েছেন গোল্ডেন এ প্লাস। রিভিউ বলছে, জোকারের অস্কার আটকায় কে! ছবিটি নিয়ে শুরু থেকেই দর্শকদেরও বেশ আগ্রহ রয়েছে।
গোথাম শহরের এক ব্যর্থ কমেডিয়ানকে নিয়ে ‘জোকার’-এর গল্প। শিল্পীর সম্মানের বদলে অবহেলা-অশ্রদ্ধায় ঠকতে ঠকতে একসময় উন্মাদ হয়ে যায় সে। একপর্যায়ে নিজেই হয়ে পড়ে নৃশংস অপরাধী। জোয়াকুইন ফিনিক্স হলেন ডিসি কমিকস সিরিজের সবচেয়ে ভয়ংকর সুপার ভিলেন চরিত্রের রূপদানকারী।
এদিকে জোকার চরিত্রে অভিনয় করা জোয়াকুইন ফিনিক্স ভাসছেন প্রশংসার জোয়ারে। ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী প্রদর্শনী শেষে উচ্ছ্বসিত দর্শকদের হাততালি থামছিল না। টানা প্রায় আট মিনিট দাঁড়িয়ে তাকে সম্মান জানায় দর্শকরা।
ভ্যারাইটির সমালোচক ওয়েন গ্লিয়েবারম্যান বলেন, ‘এটি বিরল কমিক-বুক সিনেমা। এখানে এমন কিছু দেখানো হয়েছে যা বাস্তব জগতে ঘটে।’ ফিনিক্স বলেন, তারা চাননি কোনও পুনরাবৃত্তি ঘটুক। ছবিতে আরও অভিনয় করেছেন রবার্ট ডি নিরো ও মার্ক ম্যারন।



