
মোহাম্মদ হাসিব : বাংলাদেশ ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র, মাশরাফি বিন মর্তুজা। তার হাত ধরে নতুনভাবে পথ চলতে শুরু করে বাংলাদেশের ক্রিকেট। যিনি দেশের ক্রিকেটকে নিয়ে গেছেন সম্মানজনক এক উচ্চতায়। সেই লড়াকু সৈনিক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক, নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মর্তুজার শুভ জন্মদিন আজ।
শুধু পিতা মাশরাফিরই না, একই দিন পুত্র সাহেলেরও জন্মদিন। বাপ-বেটা দু’জনকেই জানাই বাংলা টিভির পক্ষ থেকে শুভেচ্ছা।
মাশরাফি বিন মর্তুজা, বাংলাদেশ ক্রিকেটের চেঞ্জমেকার। যার পরশ পাথরের ছোঁয়ায়, আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে বদলে যাওয়া নতুন এক বাংলাদেশ। তার নেতৃত্বে প্রাণ ফিরে পায় বাংলাদেশের ক্রিকেট। ম্যাচের পর ম্যাচ, সিরিজের পর সিরিজ লাল-সবুজের দেশকে এনে দিয়েছেন জয়ের বার্তা।
বাংলাদেশ ক্রিকেটকে অনন্য উচ্চতায় পৌঁছে দেওয়ার নেপথ্য নায়ক, মাশরাফি আজ পা দিলেন ৩৬ বছর বয়সে। ১৯৮৩ সালের এই দিনে নড়াইলের চিত্রা নদীর পাড়ে জন্ম হয়েছিলো এই তারকার।
২০০১ সালে টেস্টের মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক ঘটে মাশরাফির। ২০০৯ পর্যন্ত এই ফরম্যাটে খেলেছেন মোট ৩৬টি ম্যাচ। শিকার করেন ৭৮টি উইকেট। অবসরের ঘোষণা না দিলেও টেস্টে হয়তো আর ফিরবেন না তিনি।
একই বছর ওয়ানডেতে অভিষেক ঘটে এই গতি তারকার। সবশেষ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ২১৭টি ম্যাচ খেলেছেন তিনি। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে তুলে নিয়েছেন ২৬৬টি উইকেট। ২০১৭ সালে টি-টোয়েন্টিতে অবসর নেওয়া মাশরাফির সংগ্রহ ৫৪ ম্যাচে ৪২টি উইকেট।
শরীরের জোর থেকে যার মনের জোর বেশি তিনি মাশরাফি। প্রচণ্ড কঠিন মানসিক শক্তির বলে বার বার থেমে গিয়েও আবার সামনে এগিয়েছেন। ইনজুরিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দৌড়ে যাচ্ছেন নিজের দলের জন্য, দেশের জন্য। মাশরাফি শুধু বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড়ই নয়, জনপ্রিয় মানুষও।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে অ্যাখ্যা দেন, দেশের সবচেয়ে বড় সম্পদ হিসেবে। তার উপর আস্থা রেখেই ম্যাশের জন্মস্থান নড়াইল থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়াইয়ের সুযোগ করে দেন প্রধানমন্ত্রী। একাদশ সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মাশরাফি।
মাশরাফি মাঠে নামলে গ্যালারির দর্শকরা যেন আলাদা কোনো উত্তেজনায় কাঁপতে থাকেন, দাঁড়িয়ে পড়েন, হাততালি দেন। যা প্রমাণ করে, ম্যাশের প্রতি দেশের মানুষের ভালোবাসা, শ্রদ্ধা। টাইগার দলপতিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দলের সতীর্থরা।
নিজের ভেরিফাইড ফেসবুকে মুশফিকুর রহিম লিখেছেন, মাশরাফি, অনুপ্রেরণার আরেক নাম, শুভ জন্মদিন ম্যাশ। মাশরাফির সঙ্গে ছবি পোস্ট করে রুবেল হোসেন জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা জানিয়েছেন পেসার তাসকিন আহমেদসহ আরো অনেকেই।



