ইরাকে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২

শাহরিয়ার রাজ : মধ্যপ্রাচ্যের দেশ ইরাকে বেকারত্ব, দুর্নীতি, ঘুষ ও নিম্নমানের সরকারি সেবার বিরুদ্ধে বিগত কয়েকদিন ধরে বিক্ষোভ করছে দেশটির সাধারণ মানুষ। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দেশটিতে চলমান সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়েছে প্রায় দ্বিগুণ।
শেষ খবর পাওয়া পর্যন্ত, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে। এছাড়া আহত হয়েছেন আরও কয়েকশ’ মানুষ। শনিবার এমন তথ্যই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
সংবাদমাধ্যমের খবরে বলা হয়, নিজেদের অধিকার আদায়ের আগ পর্যন্ত রাজপথেই অবস্থান করবেন বলে জানিয়েছেন বিক্ষোভরত হাজারো মানুষ। ইরাকের রাজধানী বাগদাদের প্রাণকেন্দ্র তাহরীর স্কয়ারে জড়ো হয়ে সরকারবিরোধী স্লোগান দিতে শুরু করেন বিক্ষোভকারীরা।
এসময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছুড়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।



