
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে দারুণ এক সময় পার করছে ভারত। টেস্ট ক্রিকেটে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করলো তারা। সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট ইনিংস ও ২০২ রানে জয় বিরাট কোহলিদের।
রাঞ্চিতে তৃতীয় দিনেই পরাজয় নিশ্চিত হয়ে যাওয়া দক্ষিণ আফ্রিকার জন্য আজ ছিলো শুধুই আনুষ্ঠানিকতার। ৮ উইকেটে ১৩২ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে তারা। খেলার স্থায়িত্ব ছিলো মাত্র ১২ বল।
স্কোরবোর্ডে এক রান যোগ করেই বাকি দুই উইকেট হারায় প্রোটিয়ারা। স্বাগতিক বোলার মোহাম্মদ শামি তিনটি এবং শাহবাজ নাদিম ও উমেশ যাদব নেন দুটি করে উইকেট। পুরো সিরিজে দাপুটে ব্যাটিং করা রোহিত শর্মা হন সিরিজ সেরা।
প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪৯৭ রানে প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। জবাবে দুই ইনিংস মিলিয়েও তিনশো ছাড়াতে পারেনি সফরকারীরা। প্রথম ইনিংসে ১৬২ এবং ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ১৩৩ রানে।



