
বৃহস্পতিবার রাতেই নির্মাতা ও অভিনেতা হুমায়ূন সাধুর মৃত্যু খবর নিশ্চিত করে মোস্তফা সরয়ার ফারুকীর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘তুই সময় দিছিলি আমাদের তৈরি হওয়ার। আমরা হয়তো তৈরিও হইছিলাম। কিন্তু মানুষ বোধ হয় কখনোই প্রিয়জনের বিদায়ের জন্য তৈরি হইতে পারে না রে, সাধু!’
মোস্তফা সরয়ার ফারুকীর ‘মেড ইন বাংলাদেশ’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন হুমায়ূন সাধু। এরপর অসংখ্য নাটক, টেলিছবি, চলচ্চিত্র ও বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন। কাহিনি ও চিত্রনাট্য লেখার পাশাপাশি তিনি পরিচালনা করেছেন।

সম্প্রতি মোস্তফা সরয়ার ফারুকীর ‘ঊন-মানুষ’ টেলিছবিতে একজন বামনের চরিত্রে অভিনয় করেন হুমায়ূন সাধু। একজন বামন মানুষকে হেয় করা, তাঁকে নিয়ে সবার তিরস্কার, সমাজে টিকে থাকার কঠিন বাস্তবতা, তাঁর আশা, আকাঙ্ক্ষা এসব নিয়েই গল্পটি লিখেছিলেন হুমায়ূন সাধু।
প্রসঙ্গত, বৃহস্পতিবার দিবাগত রাতে নির্মাতা ও অভিনেতা হুমায়ূন সাধু পরপারে পাড়ি জমিয়েছেন। রাত দেড়টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান তিনি। শুক্রবার বাদ জুমা রাজধানীর তেজগাঁওয়ের রহিম মেটাল জামে মসজিদে অনুষ্ঠিত হয় তার জানাজা। পরে রহিম মেটাল জামে মসজিদের কবরস্থানে তাকে দাফন করা হয়।



