
২৫ অক্টোবর রাত ২টার দিকে ফল প্রকাশের মধ্য দিয়ে শেষ হয়েছে ২০১৯-২১ মেয়াদে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। ১৮টি পদের বিপরীতে প্রার্থী ছিলেন ২৭ জন। এবারের নির্বাচনে ৪৪৯ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৩৮৬ জন।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও নির্বাচন শেষে আলোচনার মুখে পড়েছেন ম্যাডাম ফুলি খ্যাত অভিনেতা আলেকজান্ডার বো। তিনি এবারই প্রথম নির্বাচনে অংশ নিলেন।
আর প্রথমবারেই সবার নজর কেড়েছেন সর্বোচ্চ ভোট পেয়ে। কার্যনির্বাহী সদস্য পদে তিনি ৩৩৭ ভোট পেয়েছেন। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম নিয়েছে চলচ্চিত্রপাড়ায়।
একাধারে অশ্লীল নায়ক হিসেবে পরিচিত হয়েও শিল্পীদের কাছে এতোটা জনপ্রিয় তা আগে কেউ ভাবতে পারেনি। যে অপরাধ মাথায় নিয়ে মেহেদী, শাহনী আলম, ময়ূরী, পলি, শাপলা, সোহেল খানরা সিনেমা পাড়া থেকে বিদায় নিয়েছেন, সেই একই অপরাধে দোষী হয়েও শিল্পীদের ভোটের রায়ে সবার চেয়ে এগিয়ে রয়েছেন মার্শাল আর্টে চারবার ব্ল্যাকবেল্ট জয়ী এই অভিনেতা।
আলেকজান্ডার বো অশ্লীল দৃশ্যের অন্যতম নায়ক হিসেবে অত্যন্ত সমালোচিতও হয়েছেন এক সময়। সেই সময়কার অশ্লীল দৃশ্যে তার সরব উপস্থিতি দেখা যেত।
তবে অশ্লীল চলচ্চিত্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শুরু হলে অন্যান্য অভিনেতাদের মতো তিনিও কর্মশূন্য হয়ে পড়েন। অবশেষে বেশ লম্বা বিরতির পর ২০১৩ সালে ‘৭১ এর গেরিলা’ চলচ্চিত্র দিয়ে কামব্যাক করেন তিনি।
১৯৯৫ সালে শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘লম্পট’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা করেন আলেকজান্ডার বো। বিশেষ করে মার্শাল আর্ট ভিত্তিক অভিনয় তাকে জনপ্রিয়তা এনে দিয়েছিলো। ‘ম্যাডাম ফুলি’ চলচ্চিতত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও এসেছে তার ঝুলিতে।



