দেশবাংলা

এখনো উদঘাটিত হয়নি উখিয়ার ৪ খুন মামলার

কক্সবাজারের উখিয়ার বহুল আলোচিত বৌদ্ধ সম্প্রদায়ের একই পরিবারের ৪ জনকে জবাই করে হত্যার ঘটনায় একমাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনও রহস্য উদঘাটনে মামলার দৃশ্যমান কোন অগ্রগতি নেই।

ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ নিহতদের দুই নিকট আত্মীয়কে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে। তবে, তাদের জড়িত থাকার ব্যাপারে পরিবারের অন্য সদস্যরা সন্দিহান। মামলাটি তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশ-পিবিআই।

গত ২৫ সেপ্টেম্বর কক্সবাজারের উখিয়ার পূর্ব রত্নাপালং এলাকায় জবাই করে হত্যা করা হয় কুয়েত প্রবাসী রোকেন বড়ুয়ার মা সুখী বালা বড়য়া, স্ত্রী মিলা বড়ুয়া, ছেলে রবীন বড়ুয়া ও সেজ ভাই শিপু বড়ুয়ার মেয়ে সনি বড়ুয়াকে। ঘটনার পরে রোকেনের শ্বশুর শশাংক বড়ুয়া অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে মামলা করেন।

হত্যাকাণ্ডের ১৪ দিনের মাথায় নিহত সনি বড়ুয়ার মা রিকু বড়ুয়া এবং ভাগিনী জামাই উজ্জ্বল বড়ুয়াকে গ্রেপ্তার করা হয়, তবে পরিবারের স্বজনরা এ হত্যাকাণ্ড তাদের জড়িত থাকা নিয়ে সন্দিহান, একই মনোভাব রোকেন বড়ুয়ারও।

জেলা পুলিশের কাছ থেকে মামলাটি তাদের হাতে আসার পর থেকে তদন্ত চালাচ্ছেন বলে জানালেন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন।

এ হত্যার রহস্যের জট খুলতে পুলিশ সক্ষম হবে এমনটাই আশা শোকাহত পরিবারটির।

 আমিনুল হক আমীন, কক্সবাজার

সংশ্লিষ্ট খবর

Back to top button