
প্রথম ওয়ানডেতে আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিকদের দেয়া ১৯৫ রানের টার্গেটে, তিন উইকেট হারিয়ে জয় তুলে নেয় ক্যারিবিয়রা।
দেরাদুনের রাজিব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে, টস হেরে ব্যাট করতে নামে আফগানিস্তান। ১৫ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় তারা। তৃতীয় উইকেটে ইকরাম আলি খিল ও রহমত শাহ’র ১১১ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত গড়ে স্বাগতিকরা।
ইকরামের দুর্ভাগ্যজনক রান আউটে ভাঙ্গে এ জুটি। ফিফটির পর ইনিংস লম্বা করতে পারেন নি অভিজ্ঞ রহমতও। সর্বোচ্চ ৬১ রান আসে তার ব্যাট থেকে। দু’টি করে উইকেট পান জেসন হোল্ডার, চেইস ও অভিষিক্ত মিডিয়াম পেসার রোমারিও শেফার্ড।
রান তাড়ায় শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ২৫ রানে ফেরেন দুই উদ্ধোধনী ব্যাটসম্যান এভিন লুইস ও শিমরন হেটমায়ার।
তবে তৃতীয় উইকেটে শেই হোপ ও চেইসের ১৬৩ রানের জুটি জয়ের বন্দরে নিয়ে যায় ক্যারিবিয়দের। ম্যাচ সেরা ৯৪ রানের ইনিংস খেলেন চেইস। আগামী শনিবার একই মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
শুদ্রক / বাংলা টিভি



