
রাজকোটে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে ৮ উইকেটের জয় পেয়েছে স্বাগতিক ভারত। টাইগারদের দেয়া ১৫৪ রানের লক্ষ্যে পৌঁছাতে ভারত হারিয়েছে ২ উইকেট। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজে ১-১ এ সমতায় ফিরেছে ভারত।
রাজকোটে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলতে নামে দু’দল। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। লিটন কুমার দাস এবং নাইম শেখের জুটিতে দারুণ সূচনা করে দল। নাইম করেন ৩৬ রান করে। ১৩তম ওভারে মুশফিক ও সৌম্য ফিরে গেলে বিপদে পড়ে সফরকারীরা।
১০৩ রানে হারায় ৪ উইকেট। মাহমুদউল্লাহর ৩০ রানের ইনিংসে ১৫৩ রানের পুঁজি পায় তারা। চাহাল নেন দুই উইকেট। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই টাইগার বোলারদের উপর চড়াও রোহিত শর্মা। ইনিংসের অষ্টম ওভারেই অর্ধ-শতক তুলে নেন তিনি।
একাদশ ওভারে আমিনুল ইসলাম বিপ্লব শিখর ধাওয়ানের উইকেট তুলে নিলে ১১৮ রানের উদ্বোধনী জুটি ভাঙে ভারতের। ইনিংসের ১৩তম ওভারে বিপ্লব তুলে নেন ভয়ংকর রোহিতের উইকেট। ম্যাচসেরা ৮৫ রানের ইনিংস আসে তার ব্যাট থেকে।
শেষ পর্যন্ত লোকেশ রাহুলের ৮ এবং শ্রেয়াস আইয়ারের ২৩ রানে ২৬ বল বাকি থাকতেই ৮ উইকেটের জয় তুলে নেয় স্বাগতিক ভারত। আর এতেই তিন ম্যাচ সিরিজে সমতায় ফেরে স্বাগতিক ভারত।



