
জয়ের স্বপ্ন দেখিয়েও হেরে গেলো বাংলাদেশ। মোহাম্মদ নাইমের ৮১ রানের দারুণ ইনিংসের পরও সিরিজের শেষ ম্যাচে ৩০ রানে হারে গেছে সফকারীরা। ভারতের দেয়া ১৭৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৪৪ রানে অলআউট হয় তারা।
নাগপুরে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাট করে ভারত। শুরুটা ভালো হয়েছিলো বাংলাদেশের। দলীয় ৩৫ রানের মাথায় দুই স্বাগতিক ব্যাটসম্যানকে সাজঘরে পাঠান শফিউল ইসলাম।
শ্রেয়াস আয়ার এবং লোকেশ রাহুলের, ৫৯ রানের জুটিতে বড় সংগ্রহের দিকে এগুতে থাকে তারা। শ্রেয়াস ৬২ এবং রাহুলের ব্যাট থেকে আসে ৫২ রান। ৫ উইকেটে ১৭৪ রান করে স্বাগতিকরা। বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে ১২ রানে লিটন দাস ও সৌম্য সরকারের উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।
সেই ধাক্কা সামলে নেন মোহাম্মদ নাঈম এবং মোহাম্মদ মিঠুনের ৯৮ রানের চমৎকার জুটি। ২৭ রান করা মিঠুন ফিরলে ভাঙ্গে এই পার্টনারশিপ। পরের বলেই সাজঘরে ফেরেন মুশফিকুর রহিম। আবারো ব্যাটিং বিপর্যয়ে পড়া দলটি আর ঘুড়ে দাঁড়াতে পারেনি।
একমাত্র নাইমের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৮১ রান। ১৪৪ রানে গুটিয়ে যায় সফরকারীরা। দিপক চাহার ৭ রানে নেন ছয় উইকেট। টি- টোয়েন্টি ফরম্যাটের সেরা বোলিং ফিগারের রেকর্ড নিজের করে নেন তিনি।



