আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য
ওমানে ৬ প্রবাসী শ্রমিকের মৃত্যু

ওমানের রাজধানী মাস্কাটে নির্মাণাধীন কংক্রিটের পাইপের ভেতরে আটকা পড়ে ৬ প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকরা এশিয়ান বলে জানানো হলেও, কোনো বাংলাদেশি রয়েছে কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সোমবার প্রায় ১২ ঘণ্টা চেষ্টা চালিয়ে দেশটির পাবলিক অথরিটি ফর সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্সের একটি দল, নিহতদের মরদেহ উদ্ধার করে।
টাইমস অব ওমান সূত্রে জানা গেছে, গত রোববার ভারী বৃষ্টির সময় মাস্কাটের আল সিব এলাকায় মাস্কাট বিমানবন্দরের কাছাকাছি একটি পানি সম্প্রসারণ প্রকল্পে এ দুর্ঘটনা ঘটে।
এ ধরনের বড় প্রকল্পগুলোতে নিয়োজিত সংস্থাগুলোকে তাদের কর্মীদের নিরাপত্তার জন্য সুরক্ষা বিধি মেনে চলার জন্য বিবৃতিতে আহ্বান জানিয়েছে পাবলিক অথরিটি ফর সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স।



