
ক্যারিয়ারের তিন বছরের মাথায় শাকিব খানের বলয় ছেড়ে প্রথমবার অন্য কারোর বিপরীতে ‘ক্যাসিনো’ নামের একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন হালের আলোচিত চিত্রনায়িকা বুবলী। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন ‘আব্বাস’ খ্যাত চিত্রনায়ক নিরব।
টেলিভিশনের সংবাদ পাঠিকা থেকে ২০১৬ সালে শাকিব খানের হাত ধরে চলচ্চিত্রে আসেন শবনম বুবলী। এরপর তারসঙ্গে জুটি বেধে একের পর এক ছবি করেছেন তিনি। এরমধ্যে মুক্তি পেয়েছে ৯ ছবি। এর মধ্য দিয়েই আলোচনায় আসেন বুবলী। তবে এবারই প্রথম শাকিব ছাড়া অন্য কারো সাথে জুটি বাধতে চলেছেন বুবলী!
এ প্রসঙ্গে বুবলী জানিয়েছেন, দর্শকদের ভালোবাসার প্রতিফলন শাকিব-বুবলী জুটি। তার সঙ্গে আগামীতেও চমকপ্রদ কাজ হবে। এর সঙ্গে আমি ভালো প্রজেক্ট পেলে অন্যদের সঙ্গেও কাজ করবো। তবে অবশ্যই সেটা ভালো গল্পের সিনেমা হতে হবে।
বুবলী প্রসঙ্গে নিরব বলেন, দর্শকের তুমুল আগ্রহ, প্রত্যাশা থাকবে। শাকিব ভাইয়ের বাইরে এই প্রথম বুবলী কাজ করতে চলেছেন। সেগুলো মাথায় নিয়েই কাজে নেমেছি। আমি নিজেও এক্সাইটেড ক্যাসিনো নিয়ে। ভালো কিছু করবো, ভালো কাজ উপহার দেব।
‘ক্যাসিনো’ নামের এই ছবিটি পরিচালনা করছেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কারে একাধিক ক্যাটাগরিতে সম্মাননা জয়ী নির্মাতা সৈকত নাসির।
সৈকত নাসির জানান, সিমপ্লেক্স ইন্টারন্যাশনাল প্রযোজিত প্রথম ছবি ‘ক্যাসিনো’। ছবিটি মূলত থ্রিলার গল্পে। অন্যদিকে, নিরব-বুবলী দুজনেই প্রথমবার জুটি বেঁধে বড়পর্দায়। এছাড়াও ‘ক্যাসিনো’-তে থাকছেন তাসকিন রহমান। ২০ নভেম্বর থেকে ঢাকায় ক্যাসিনো’র শুটিং শুরু হবে।



