
নকশাবহির্ভূত ভবন নির্মাণের অভিযোগে নায়ক শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সোমবার রাজধানীর নিকেতন এলাকায় নকশাবহির্ভূত ভবনের অতিরিক্ত অংশ অপসারণে অভিযান চালানোর সময় রাজউকের ভ্রাম্যমাণ আদালত এ নির্দেশ দেয়।
জানা যায়, নির্মাণাধীন ভবনটির সামনে সাইনবোর্ডে লেখা আছে, ‘ক্রয় সূত্রে জমির মালিক শাকিব খান রানা।’
ভবনটির দায়িত্বে থাকা ম্যানেজার সম্রাট হোসেন জানান, এই ভবনটির কিছু অংশ নকশাবহির্ভূত এমন অভিযোগ এনে রাজউক ১০ লাখ টাকা জরিমানা করে। তবে, তাৎক্ষণিক জরিমানার টাকা দিতে না পারায় ভবনটির কেয়ারটেকার তারেক আহমেদ ও ম্যানেজার মোহাম্মদ ওয়াহেদকে নিয়ে গেছে রাজউক কর্তৃপক্ষ।
সম্রাট হোসেন আরও জানান, আগামী ১৫ দিনের মধ্যে নিজ উদ্যোগে ভবনটির নকশাবহির্ভূত, অংশ অপসারণ করে নিতে হবে এবং জরিমানার টাকা পরিশোধ করে তাদের ছাড়িয়ে আনতে হবে বলে রাজউক কর্মকর্তারা নির্দেশ দিয়ে গেছেন।
অভিযানে উপস্থিত ছিলেন রাজউকের জোন-৪ এর অথরাইজ অফিসার মোহাম্মাদ হোসেন, সহকারী অথরাইজ অফিসার পারভেজ আহমাদসহ রাজউকের কর্মকর্তারা।



