ঢালিউডবিনোদন

প্রকাশিত হলো ‘মিশন এক্সট্রিম’র ফার্স্ট লুক, মুক্তি পাবে ঈদুল ফিতরে

এক বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে প্রকাশিত হলো বহুল প্রতীক্ষিত সিনেমা ‘মিশন এক্সট্রিম’ এর প্রথম অফিসিয়াল পোস্টার। আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি। শনিবার সন্ধ্যায় বিএফডিস’র ৭ নম্বর ফ্লোরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এসময় সিনেমাটির কলাকুশলীদের উপস্থিতিতে প্রকাশিত হয় সিনেমার পোস্টার এবং মুক্তির ঘোষণা দেয়া হয়।

‘কপ ক্রিয়েশন’র ব্যানারে নির্মিত বাংলাদেশের দ্বিতীয় পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা ‘মিশন এক্সট্রিম’। ক্রাইম, থ্রিল, সাসপেন্স এবং অ্যাকশন নির্ভর একটি মৌলিক গল্পের ওপর ভিত্তি করে এবং পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ‘সিটিটিসি’র কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হচ্ছে বলে জানান, নির্মাতা।

চলতি বছরের ২০ মার্চ ঢাকায় ‘মিশন এক্সট্রিম’র শুটিং শুরু হয়। শিগগির শেষ হতে যাচ্ছে এর শুটিং পর্ব। শুরু থেকে আলোচনায় থাকা ‘মিশন এক্সট্রিম’র কোনো দৃশ্য বা ছবি এখন পর্যন্ত প্রকাশ পায়নি। তাই ফার্স্ট লুক পোস্টারটি দর্শকদের মধ্যে ভিন্নরকম উন্মাদনা সৃষ্টি করেছে। পোস্টার প্রকাশের পর পর এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা পাচ্ছে।

          2EFED4FC 17E9 495F 9777 C9711969583F w408 r1 s 5

গল্প ও চিত্রনাট্য লিখেছেন সানী সানোয়ার নিজেই। সিনেমাটিতে আরিফিন শুভর সঙ্গে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন- তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ জাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামসহ অনেকে।

সিনেমাটি যৌথভাবে পরিচালনা করছেন ফয়সাল আহমেদ এবং সানী সানোয়ার। ফয়সাল আহমেদ ‘ঢাকা অ্যাটাক’ সিনেমার জ্যেষ্ঠ সহকারী পরিচালক হিসেবে সিনেমাটি নির্মাণে অসামান্য অবদান রেখেছেন।

বর্ণাঢ্য এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটনে পুলিশ কমিশনার মোহা: শফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মনিরুল ইসলাম।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমান, পরিচালক সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ, আরিফিন শুভ, জান্নাতুল ফেরদৌস ঐশী, তাসকিন রহমান, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি ফাল্গুনি হামিদ, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরুসহ অনেকে।

সংশ্লিষ্ট খবর

Back to top button