যুক্তরাষ্ট্রে পুলিশ কর্মকর্তাসহ অন্তত নিহত ৬

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের জার্সি সিটিতে ভয়াবহ গোলাগুলিতে এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে এ ঘটনায় আরো দুইজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
দুই বন্দুকধারী এক পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করার পর ট্রাক চালিয়ে একটি বাজারে গিয়ে ঢোকে। সেখানে পুলিশের সঙ্গে তাদের গোলাগুলির মধ্য দিয়ে ঘটনার রক্তাক্ত পরিসমাপ্তি ঘটে।
বিবিসি জানায়, ভর দুপুরে মুহূর্মুহু গুলির মধ্যে পুরা এলাকায় যুদ্ধক্ষেত্রের মত পরিস্থিতির সৃষ্টি হয়। স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে আটকা পড়েন অনেকে। গোলাগুলির পেছনের কারণ এখনো স্পষ্ট না হলেও এটি জঙ্গি হামলার কোনো ঘটনা নয় বলেই নিউ জার্সি পুলিশের ধারণা।
জোসেফ সিলস নামের ৩৯ বছর বয়সী যে পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন, তিনি পুলিশের অবৈধ অস্ত্র উদ্ধার কর্মসূচির সঙ্গে যুক্ত ছিলেন। পুলিশ বলছে, দুই বন্দুকধারীর হাতে শক্তিশালী রাইফেল ছিল। বন্দুকযুদ্ধের সময় শতশত রাউন্ড গুলি ছুড়েছে তারা।



