ঢালিউডবিনোদন

সৌমিত্র’র তরুণ বয়সের চরিত্রে পরমব্রত

হলিউড, বলিউড, টলিউডসহ সব ইন্ডাস্ট্রিতেই বিশিষ্ট কারো জীবনী নিয়ে সিনেমা নির্মাণ করা যেন বর্তমান সময়ে ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। এবার পর্দায় আসতে চলেছে পশ্চিম বাংলার কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনী! টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত একটি সংবাদে এ তথ্য জানা গেছে।

নির্মিতব্য ছবিটির পরিচালনা করবেন এই সময়ের আরেক মেধাবী অভিনেতা ও নির্মাতা পরমব্রত চ্যাটার্জী। শুধু তাই নয়, ছবিটি পরিচালনার পাশাপাশি সৌমিত্র’র তরুণ বয়সের চরিত্রেও অভিনয় করবেন পরমব্রত।

সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত চরিত্রগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ‘ফেলুদা’। তিনি সত্যজিৎ রায়ের পরিচালনায় ‘সোনার কেল্লা’ ও ‘জয় বাবা ফেলুনাথ’ ছবিতে ফেলুদার ভূমিকায় অভিনয় করে সকলের মন জয় করেন।

তার অভিনয় জীবনে সৌমিত্রের অর্জনের শেষ নেই। পদ্মভূষণ, জাতীয় চলচ্চিত্র পুরষ্কার, দাদা সাহেব ফালকে, ফ্র্যান্স সরকারের ‘নাইট অফ দ্য লেজিওন অফ অনার’সহ অসংখ্য সম্মানজনক পুরস্কার পেয়েছেন তিনি।

কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের হাত ধরে ১৯৫৯ সালে ‘অপুর সংসার’ চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক হয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায়ের। তবে তার বায়োপিকে তার ব্যক্তিগত জীবন ও অভিনয় জীবন ছাড়াও আরো বেশ কিছু দিক তুলে ধরা হবে বলে জানিয়েছেন, পরমব্রত।

সংশ্লিষ্ট খবর

Back to top button