
প্রথম ওয়ানডেতে ভারতকে ৮ উইকেটে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো ওয়েস্ট ইন্ডিজ। আগে ব্যাট করে ২৮৭ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে স্বাগতিকরা।
চেন্নাইয়ে টস হেরে ব্যাট করতে নেমে শ্রেয়াশ আয়ার-ঋষভ পান্টের ১১৪ রানের জুটি, ভারতকে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। শ্রেয়াশ করেন ৭০ এবং পান্টের ব্যাট থেকে আসে ৭১ রান। তাতে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাঁড়ায় ২৮৮ রানের।
জবাবে শাই হোপ এবং শিমরন হেটমায়ারের ২১৮ রানের দূর্দান্ত জুটিতে সহজ জয় পায় ক্যারিবিয়রা। হেটমায়ার ১৩৯ রানে ফিরলেও, হোপ অপরাজিত থাকেন ১০২ রানে।
৪৭ ওভার পাঁচ বলে ২ উইকেটে হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা। আগামী বুধবার হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।



