
নানা চড়াই উৎরাই পেরিয়ে ২৭ ডিসেম্বর বিজয়ের মাসেই মুক্তি পাচ্ছে নির্মাতা ও কবি মাসুদ পথিকের চলচ্চিত্র ‘মায়া দ্য লাস্ট মাদার’। শিল্পী শাহবুদ্দিন আহমেদের চিত্রকর্ম ‘ওমেন’ এবং কবি কামাল চৌধুরীর ‘যুদ্ধশিশু’ কবিতা অবলম্বনে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি ।
রোববার সন্ধ্যায় রাজধানীর বাংলামটর বিশ্বসাহিত্য কেন্দ্রে সাবলীল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘মায়া দ্য লস্ট মাদার’ সিনেমার গান প্রকাশনা উৎসব। বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন তথ্য সচিব আব্দুল মালেক।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার,জি সিরিজের কর্ণধার নাজমুল হক ভূঁইয়া খালেদ ও কবি আসলাম সানীসহ চলচ্চিত্রের নির্মাতা, কলাকুশলী ও চলচ্চিত্রপ্রেমীরা।
বীরাঙ্গনা ও যুদ্ধশিশুদের সত্য গল্প নিয়ে এই প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমাটিতে নতুন বাংলা, বাংলা মাকে পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মাসুদ পথিক।
শহীদ, বাংলা টিভি



