
প্রথম সিনেমা ‘আগামীকাল’ মুক্তির আগেই আবার দ্বিতীয় সিনেমা নির্মাণ করার ঘোষণা দিলেন ছোট পর্দার জনপ্রিয় পরিচালক অঞ্জন আইচ। ‘কানামাছি’ নামের এই চলচ্চিত্রটিতে অভিনেতা ইমনের সঙ্গে এবার একসঙ্গে জুটি বাঁধছেন জাকিয়া বারী মম ও সূচনা আজাদ।
সম্প্রতি সিনেমাটিতে তারা চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন পরিচালক অঞ্জন আইচ। এই নির্মাতা আরো জানান ‘‘কানামাছি’ কমেডি ধাঁচের সিনেমা। কমেডি ধাঁচের হলেও এর গল্পে দারুণ একটি মেসেজ থাকবে।
এখন সংলাপ ও চিত্রনাট্যের কাজ চলছে। ছবিটির শুটিং করা হবে বাংলাদেশ ও নেপালে, শিগগিরই তা শুরু করবেন বলেও জানান তিনি। ইমন-মম, সূচনা ছাড়াও বিশেষ একটি চরিত্রে অভিনয় করবেন নাটকের জনপ্রিয় অভিনেতা আ খ ম হাসান।
আরো থাকছেন ফারুক আহমেদ ও আরফান আহমেদ। এদিকে, অঞ্জন আইচের প্রথম সিনেমা ‘আগামীকাল’ এখনো মুক্তি পায়নি। শুটিং শেষে ছবিটি এখন আছে সম্পাদনার টেবিলে।



