‘যুদ্ধ বাধাতে নয়, যুদ্ধ থামানোর জন্যই এ পদক্ষেপ’

ইরানের শীর্ষ জেনারেল সোলেইমানি হত্যার ২৪ ঘন্টা পর ইরাকে আবার বিমান হামলা করেছে যুক্তরাষ্ট্র। বাগদাদের উত্তরে তাজি সড়কে ইরান সমর্থিত বাহিনীকে লক্ষ্য করে এ হামলা করা হয়। এ ঘটনায় ৬ জন নিহত হয়েছেন।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, যুদ্ধ শুরু করতে নয় বরং যুদ্ধ থামাতেই সোলেইমানিকে হত্যার নির্দেশ দেয়া হয়েছে। তবে এই হামলার কঠিন প্রতিশোধ নেয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন ইরানের সর্বচ্চো নেতা আয়াতুল্লাহ খামেনী।
শনিবার স্থানীয় সময় ভোরের দিকে ইরাকের উত্তরাঞ্চলে আল-তাজি জেলার উপকণ্ঠে হাশদ আল শাবি’র ঘাঁটি ও তিনটি গাড়িবহরকে লক্ষ্য করে হামলা চালানো হয়। ওই হামলায় অন্য আরো ৩ জনের অবস্থা গুরুতর বলে ইরাকি সেনাবাহিনীর একটি সূত্র নিশ্চিত করেছে।
ইরানি শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যার একদিনের মাথায় ইরাকে ইরান সমর্থিত যোদ্ধাদের ওপর আকস্মিকভাবে আবারো হামলা করা হয়েছে। ওই বহরে শেমল আল-জায়েদী, হামিদ আল-জাজেরি, রায়েদ আল-কারাভিসহ বেশ কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তার মৃত্যুর বিষয়ে তারা নিশ্চিত করেছে।



