
‘৪৭ অথবা (ওরফে) ৩৭ বছরের এক নারী এই মুহূর্তে বাংলার সবচেয়ে কাঙ্ক্ষিত মুখ।’ বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসানকে নিয়ে একটি প্রতিবেদনে এভাবেই সম্ভাষণ করেছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।
সেই প্রতিবেদনে বলা হয়েছে, ‘বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান এখন বাংলার সবচেয়ে কাঙ্ক্ষিত মুখ। বয়সের সঙ্গে সঙ্গে তাঁদের প্রোমোশন হয়েছে তন্বী কিশোরী থেকে মা-মাসির রোলে। তবে জয়া ব্যতিক্রম! যা এত দিন অভাবনীয় ছিল এ বার তাই হয়েছে’। ডিসেম্বরে প্রকাশিত হয় প্রতিবেদনটি।

প্রতিবেদনে আরও জানানো হয়, কানন দেবী ছিলেন ১৪! সুচিত্রা সেন ২২! ঋতুপর্ণা ২১! কোয়েল ১৮! সর্বত্রই দেখা গিয়েছে তারকাদের উত্থান কুড়ির কোঠায়। কিন্তু জয়া আহসান? বয়স ৪৭। তিনি নিজে অবশ্য বলছেন তার বয়স সাঁইত্রিশের একদিনও বেশি নয়! যদিও এনিয়ে প্রশ্ন উঠেছে তবে কি উইকিপিডিয়ার তথ্য ভুল!

বর্তমানে কলকাতার বেশকিছু ছবি নিয়ে ব্যস্ত সময় পার করছেন জয়া। জয়া আহসানের নতুন সিনেমা ‘রবিবার’ ২৭ ডিসেম্বর কলকাতায় মুক্তি পেয়েছে। এই ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেছেন জয়া।



