
২০১৯ সালে মুক্তির তালিকায় সিনেমার সংখ্যাটা কোনোমতে হাফসেঞ্চুরি পার হলেও ব্যবসায়ের তালিকায় আলোচনায় এসেছে কেবলমাত্র একটি সিনেমা। সেটি শাকিব খানের ‘পাসওয়ার্ড’। এছাড়া উল্লেখ করার মতো দর্শক মেলেনি আর কোনো ছবির ভাগ্যেই।
সেই হতাশার রেশ নিয়েই শুরু হলো ২০২০ সাল। বছরের প্রথম সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি কোনো নতুন সিনেমা। তবে, নতুন সিনেমা মুক্তি না পেলেও নতুন বছরের শুরুতেই পাওয়া গেল আসন্ন বেশ কিছু ছবির খবর।
এদেশের গার্মেন্টসে কাজ করা লাখো নারীকে উৎসর্গ করে রকস্টার জেমস গেয়েছিলেন ‘দিদিমণি’ শিরোনামে একটি গান। সেই গানের অনুপ্রেরণায় চলচ্চিত্র বানাতে যাচ্ছেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা রিয়াজুল রিজু, ছবির নামও রেখেছেন ‘দিদিমণি’।
সিনেমার কাহিনি ও সংলাপ লিখেছেন অমিত বিশ্বাস। ছবিটির প্রধান নারী চরিত্র’সহ অন্যান্য অভিনয়শিল্পীদের নাম অচিরেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন রিজু।
এদিকে, আন্ডারওয়ার্ল্ড দুনিয়ার গল্প নিয়ে সৈকত নাসিরের চলচ্চিত্র ‘আকবর: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ তে নাম ভূমিকায় অভিনয় করছেন চিত্রনায়ক ইমন, এ ঘোষণা আগেই দেয়া হয়েছিল। এবার জানা গেল, ইমনের এ ছবির নায়িকা হতে যাচ্ছেন চিত্রনায়িকা ববি। এ ছবির মাধ্যমে ইমন-ববি প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন।
নিউ ইয়র্ক ও সিডনিতে মোস্তফা সরয়ার ফারুকীর নতুন চলচ্চিত্র ‘‘নো ল্যান্ড’স ম্যান’’-এর ৮৫ ভাগ শুটিং শেষ হয়েছে। শেষ ১৫ ভাগের শুটিং শুরু হবে চলতি মাসেই। এবারে ভারতের বিভিন্ন লোকেশনে চলবে এ চলচ্চিত্রের দৃশ্যায়ণ। ছবিটির অভিনেতা ও সহ-প্রযোজক বলিউডের নওয়াজুদ্দিন সিদ্দিকি ইনস্টাগ্রামে খবরটি প্রকাশ করেছেন।
একইসঙ্গে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে পুরো ইউনিটের একটি ছবি শেয়ার করেছেন নওয়াজ। নওয়াজ লিখেছেন, নিউ ইয়র্ক ও সিডনিতে ‘‘নো ল্যান্ড’স ম্যান’’ ছবির শুটিং শেষ হলো। এতে ফারুকী-তিশা দম্পতি ছাড়াও আছেন কলাকুশলীরা। সবাইকে বেশ উচ্ছ্বসিত দেখাচ্ছে স্থিরচিত্রে।
২০১৬ সালে সরকারি অনুদানে শুরুর পর বিভিন্ন কারণে মাঝপথে বন্ধ ছিল দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত ‘বিউটি সার্কাস’-চলচ্চিত্রটির শুটিং। গেল বছর ফেব্রুয়ারিতে এর টিজারও প্রকাশ পেয়েছিল। অবশেষে আগামী পহেলা বৈশাখ- বাংলা নববর্ষে প্রেক্ষাগৃহে এটি মুক্তি পাবে বলে জানিয়েছেন ছবিটির নির্মাতা মাহমুদ দিদার।
তিনি জানিয়েছেন, বর্তমানে ছবিটির ডাবিংয়ের কাজ চলছে। বর্ণাঢ্য ক্যারিয়ারে বিভিন্ন চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা থাকলেও এ ছবিতে প্রথমবারের মতো সার্কাস কর্মীর চরিত্রে অভিনয় করেছেন জয়া।
আসাদ রিয়েল, বাংলা টিভি



